ফুলবাড়ী ও বিরলে নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস
সংগৃহীত ছবি
দিনাজপুরের ফুলবাড়ী ও বিরলের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল সংখ্যক নিষিদ্ধ চায়না দুয়ারিও কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। দেশীয় মাছের বিভিন্ন প্রজাতি রক্ষা এবং মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে, উপজেলা প্রশাসন ও মৎস্য দফতরের যৌথ উদ্যোগে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে পরিবেশের হুমকি এসব জাল ধ্বংস করা হয়। এর আগে গত বুধবার থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ফুলবাড়ী ও বিরল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়।
জানা গেছে, মাছের উৎপাদন বৃদ্ধি ও জলাশয়ের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে গত বুধবার থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকা থেকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ৫০ মিটার করে ১৭টি চায়না দুয়ারি জাল ও ৪টি কারেন্ট জাল মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়।
অপরদিকে, বিরলের বিভিন্ন এলাকা থেকে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ২৫টি ও কারেন্ট জাল ২০টি পানিতে ব্যবহার করে মৎস্য আহরণকালে জব্দ করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে আগুনে পুড়িয়ে জব্দকৃত এসব জাল ধ্বংস করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা প্রমুখ।
ফুলবাড়ী উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদা খাতুন বলেন, নিষিদ্ধ চায়না দুয়ারি জাল পরিবেশের জন্য মারাত্মক হুমকি। এর মাধ্যমে দেশি জাতের মাছের বংশ বিস্তার হুমকিতে পড়েছে। পাশাপাশি জলাশয়ের খাদ্য শৃঙ্খল বাধাগ্রস্ত হচ্ছে। ফলে দেশি মাছের ভবিষ্যৎ প্রজন্ম হুমকিতে পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ বিষয়ে বিরল উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল ব্যবহারের ফলে ডিম্বওয়ালা মাছসহ ছোট-বড় সব ধরণের দেশীয় প্রজাতির মাছের প্রজাতি ও জলজ জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়ছে। দেশীয় মৎস্য সম্পদ রক্ষায় এবং অসাধু মাছ শিকারীদের দমনে প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের কঠোর তদারকি ও অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।