আখাউড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু
প্রতিকি ছবি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সফিক মিয়া (৪২) নামে এক ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। বুধবার রাত ১টার দিকে আখাউড়া চেকপোস্ট এলাকার সড়কের পাশে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত সফিক মিয়া উপজেলার কেন্দুয়াই গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে।
পরিবারের অভিযোগ, বুধবার রাত ১টার দিকে হেলাল মিয়া ও জহির মিয়া নামে দুই ব্যক্তি সফিক মিয়াকে ঘর থেকে ডেকে নিয়ে যান। পরে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
নিহতের ভাগনে সোহাগ মিয়া বলেন, হেলাল মিয়া ও জহির মিয়া ভেকু দিয়ে বালু উত্তোলনের সময় বিদ্যুতের মূল লাইনের তার ছিঁড়ে যায়। ছেঁড়া তার মেরামতের জন্য তারা গভীর রাতে আমার মামাকে ঘর থেকে ডেকে নিয়ে যান।
পরে জানতে পারি, তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন। জেনে-শুনে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে।
একই গ্রামের আতিকুল ইসলাম বলেন, রাতে ফুটবল খেলা দেখতে গাজীর বাজারে ছিলাম। তখন হেলাল মিয়া ও জহির মিয়াকে মোটরসাইকেলে করে সফিক মিয়াকে নিয়ে পূর্ব দিকে যেতে দেখি।
কিছুক্ষণ পর তাকে সিএনজিচালিত অটোরিকশায় হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাবেদ উল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।