বিএনপি ধর্ম-বর্ণের বিভেদে বিশ্বাস করে না: শামা ওবায়েদ

বিএনপি ধর্ম-বর্ণের বিভেদে বিশ্বাস করে না: শামা ওবায়েদ

ফাইল ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ধর্ম, বর্ণ বা জাতিগত কোনো বিভেদে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন দলের সাংগঠনিক সম্পাদক ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এমপি।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে ফরিদপুরের নগরকান্দা পৌরসভার গাংজগদিয়া সর্বজনীন কালী মন্দির প্রাঙ্গণে রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

শামা ওবায়েদ বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কখনো ধর্মের বিভেদ করে না, বর্ণের বিভেদ করে না, কোনো বৈষম্যও করে না। আমাদের কাছে সবাই সমান।

আমরা ‘সংখ্যালঘু’ শব্দে বিশ্বাস করি না। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান—সবাই ভাই ভাই। আমরা যুগ যুগ ধরে মিলেমিশে বসবাস করে আসছি। আগামী প্রজন্মও এই মাটিতে সম্প্রীতির মধ্য দিয়েই বসবাস করবে।

তিনি বলেন, নির্বাচনের আগে বিএনপির ৩১ দফা ও নির্বাচনী ইশতেহারে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম, ভিন্ন ধর্ম, ভিন্ন বর্ণ, ভিন্ন জাতি ও ভিন্ন রাজনৈতিক মতের মানুষকে নিয়ে আমরা একটি বাংলাদেশ গড়ে তুলব।

পরে গাংজগদিয়া সর্বজনীন কালী মন্দির থেকে রথযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌমুখা পশ্চিমপাড়া দুর্গামন্দিরে গিয়ে শেষ হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী এবং নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন।

এ সময় আরও উপস্থিত ছিলেন নগরকান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আল ফাহাদ, নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসুল সামদানী আজাদ, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, কৃষ্ণারডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মদন গোপাল সাহা, ফরিদপুর জেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অজয় কর, রনদা প্রসাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা