ব্রাহ্মণবাড়িয়ায় জগন্নাথ দেবের রথযাত্রা

ব্রাহ্মণবাড়িয়ায় জগন্নাথ দেবের রথযাত্রা

সংগৃহীত ছবি

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা। 

বৃহস্পতিবার আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে ইসকন আয়োজিত রথযাত্রা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্যপাড়া রাধা মাধব মন্দিরে যজ্ঞানুষ্ঠান, ধর্মীয় সভা ও মহাপ্রসাদ বিতরণসহ নানা ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে বিকেলে পৌর এলাকার মধ্যপাড়া শ্রী শ্রী রাধামাধব জিউর মন্দির থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, জেলা বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি প্রমুখ।

র‌্যালি শেষে আয়োজকদের পক্ষে ব্রাহ্মণবাড়িয়া ইসকনের সভাপতি রত্নেস্বর দাস ব্রহ্মচারী বলেন, এই রথযাত্রা সারা বিশ্বের সম্প্রীতি ও ভালোবাসার বার্তা বহন করছে। এই রথ যাত্রার মধ্য দিয়ে জাতি বর্ণ নির্বিশেষে আমরা অংশগ্রহণ করতে পারি।

রথযাত্রায় বিভিন্ন স্থান থেকে আগত পুন্যার্থীদের সমাগমে মিলন মেলায় পরিণত হয়। বিপুল সংখ্যক পুন্যার্থীদের অংশগ্রহণে রথযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শ্রী শ্রী আনন্দময় কালী বাড়িতে গিয়ে শেষ হয়। এ সময় ভক্তদের উলুধ্বনি, শঙ্খধ্বনি ও হরিনামে মুখর হয়ে ওঠে পুরো শহর। আগামী এক সপ্তাহ আনন্দময়ী কালীবাড়িতে অবস্থান শেষে আবারো উল্টো রথের মাধ্যমে মধ্যপাড়া রাধা মাধব মন্দিরে গিয়ে সপ্তাহব্যাপী রথযাত্রা অনুষ্ঠানটি শেষ হবে।

এদিকে জেলার বিজয়নগর উপজেলায় রথযাত্রা উপলক্ষে মির্জাপুরে কেন্দ্রীয় শ্রী শ্রী রাধা গোবিন্দ আশ্রমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কমিটির সভাপতি দীপক চৌধুরী বাপ্পীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা গিয়াস উদ্দিন মুন্সী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিআরডিবির চেয়ারম্যান জহিরুল ইসলাম। কমিটির সদস্য পরিমল সরকারের পরিচালনায় বক্তব্য রাখেন বিজয়নগর থানার এস.আই খোরশেদ আলম, মন্দির কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সত্য ভূষণ মল্লিক, মিঠু বিশ্বাস, উৎপল সরকার, কালিপদ মল্লিক প্রমুখ। পরে জগন্নাথ দেবের রথযাত্রা র‍্যালি নিয়ে দোলনের বাড়িতে মন্দিরে যাওয়া হয়।