হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ যুবক নিহত
প্রতিকী ছবি
হবিগঞ্জের আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে ৩ যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুইজন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার জলসুখা ইউনিয়নের নির্মাণাধীন আজমিরীগঞ্জ-শাল্লা আঞ্চলিক মহাসড়কের জলসুখা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আজমিরীগঞ্জ উপজেলার পাহাড়পুর গ্রামের চন্দন মিয়ার ছেলে অন্তর মিয়া (২৫), বানিয়াচং উপজেলার আমিরখানী গ্রামের ফুল মিয়ার ছেলে তানভীর (২৩) ও একই গ্রামের নুরুল লস্করের ছেলে আবিদুল লস্কর (৩২)।
আহতরা হলেন- চুনারুঘাট উপজেলার শেখেরগাঁও গ্রামের আব্দুস শহীদের ছেলে শহিদুল ইসলাম বাচ্চু (৩৫) ও থৈগাঁও গ্রামের আব্দুল জব্বারের ছেলে মিজান মিয়া (২৭)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দ্রুতগতির তিনটি মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত হন। গুরুতর আহত চারজনকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আরো দুজনকে মৃত ঘোষণা করেন।
আজমিরীগঞ্জ থানার ওসি মো. আকবর হোসেন বলেন, জলসুখা ব্রিজ এলাকায় তিন মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পর আরো দুজন মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।