টঙ্গীর আলোচিত মাদক কারবারি কারিমা গাঁজাসহ গ্রেফতার
প্রতিকি ছবি
গাজীপুরের টঙ্গীতে ‘মাদক সম্রাজ্ঞী’ হিসেবে পরিচিত কারিমা বেগমকে (৪১) গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গতকাল বৃহস্পতিবার রাতে টঙ্গী পূর্ব থানা এলাকার হিমারদীঘি আমতলী কেরানীরটেক বস্তি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। কারিমা বেগম কেরানীরটেক এলাকার কাদির মিয়ার মেয়ে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় এসআই তোফায়েল আহমেদ তুহিনের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে একাধিক মামলার পলাতক আসামি কারিমাকে গ্রেফতার করে। কারিমার বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা ছাড়াও হত্যাচেষ্টা, চুরি, মারধর ও অন্যান্য অপরাধে ছয়টি মামলা রয়েছে।
টঙ্গী পূর্ব থানার ওসি মেহেদী হাসান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, টঙ্গীর মাদক সম্রাজ্ঞী কারিমাকে বৃহস্পতিবার রাতে মাদকসহ গ্রেফতার করা হয়। আজ শুক্রবার দুপুরে তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।