পরিচ্ছন্ন ও বাসযোগ্য ব্রাহ্মণবাড়িয়ার দাবিতে মানববন্ধন
প্রতিকি ছবি
ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনার স্তুপ, অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা এবং ক্রমবর্ধমান পরিবেশ দূষণের প্রতিবাদে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য শহরের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) বিকেল সাড়ে ৩টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া-এর উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার পরিচালক শেখ আরিফ বিল্লাহ আজিজী। এ সময় বক্তব্য দেন সৈয়দ মোহাম্মদ শাহিনুর রহমান, তারিফুল হাসান, সাঈদ আব্দুল হিমু, সজল চৌধুরী, আশিক, আল ফারাবী, তানিমুল ইসলাম উদয়, রফি চৌধুরী, শামিম আহমেদ, দেলোয়ার হোসাইন, মোহাম্মদ তানজিলসহ অন্যরা।
বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়া শহর দিন দিন ময়লা-আবর্জনার স্তূপে পরিণত হচ্ছে। শহরের গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও জনসমাগমস্থলের পাশে বর্জ্য পড়ে থাকায় দুর্গন্ধে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এর ফলে একদিকে পরিবেশ দূষিত হচ্ছে, অন্যদিকে শহরের সৌন্দর্য ও ইতিবাচক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
তারা অভিযোগ করেন, পৌরসভার নিয়মিত ও কার্যকর বর্জ্য অপসারণ ব্যবস্থার অভাবে পরিস্থিতি দিন দিন আরও অবনতির দিকে যাচ্ছে। পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য ব্রাহ্মণবাড়িয়া গড়ে তুলতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা।