তৃতীয় ওয়ানডে থেকে ছিটকে গেলেন ওয়াশিংটন

তৃতীয় ওয়ানডে থেকে ছিটকে গেলেন ওয়াশিংটন

সংগৃহীত ছবি

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় এবং সর্বশেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন ভারতীয় অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। দ্বিতীয় ওয়ানডে খেলার সময় হ্যামস্ট্রিংয়ের চোট পান ওয়াশিংটন। সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে খেলা হচ্ছে না তার।   

দ্বিতীয় ওয়ানডেতে কার্ডিফের সোফিয়া গার্ডেনসে ইংল্যান্ডের কাছে ৪ উইকেটে হেরেছে ভারত। আগে ব্যাট করতে নেমে ২৩৩ রানে অলআউট হয়েছিল টিম ইন্ডিয়া। ব্যাট হাতে ৫ বলে ২ রান করেছিলেন ওয়াশিংটন। খেলার মাঝেই চিকিৎসা নিতে হয়েছে। আউট হয়ে মাঠ ছাড়ার সময়েও ছিলেন অস্বস্তিতে। পরে ফিল্ডিংয়েও দেখা যায়নি। করেননি বোলিংও।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে ভারতের ব্যাটিং কোচ সিতাংশু কোটাক বলেছেন, ‘আসলে মিড-অফে ঠেলে দিয়ে যখন সে রান নিল, তখনই ওয়াশিংটন চোটে পড়লো, মনে হয়েছে হ্যামস্ট্রিংয়ে। দেখে মনে হয়েছে বেশ খারাপ চোট। পরের বলেই সে আউট হয়ে গেল।’

লম্বা সময় ধরেই ভারতের জাতীয় দলের আশেপাশেই আছেন ওয়াশিংটন সুন্দর। রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিনদের সময় থেকে দলের বিবেচনায় ছিলেন ওয়াশিংটন। এখন তিন ফরম্যাটেই নিয়মিত মুখদের একজন। কার্যকরী ব্যাটিংয়ের সাথে দুর্দান্ত অফ স্পিনে দারুণ এক অলরাউন্ডার তিনি। প্রথম ওয়ানডেতেই হাঁকিয়েছেন দারুণ এক ফিফটি। তার ছক্কাতেই নিশ্চিত হয়েছিল ভারতের জয়।

ওয়াশিংটনের বদলে সিরিজ নির্ধারণী ম্যাচে বাঁহাতি লেগ স্পিনার কুলদীপ যাদবকে খেলাতে পারে ভারত। তবে বাড়তি ব্যাটার দলে নিতে চাইলে লোকেশ রাহুলকেও খেলানোর সুযোগ আছে।