মাইন বিস্ফোরণে আগুনে পুড়ল দুটি তেলবাহী ট্যাংকার
সংগৃহীত
হরমুজ প্রণালির দক্ষিণে দুটি তেলবাহী ট্যাংকারে মাইন বিস্ফোরণের পর আগুন ধরে গেছে বলে জানিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
শুক্রবার আইআরজিসির দাবি, ট্যাংকার দুটি এমন একটি নৌপথ দিয়ে যাচ্ছিল যেখানে আগে থেকেই মাইন পেতে রাখা হয়েছিল। তাদের অভিযোগ, মার্কিন গোয়েন্দা সংস্থার ভুল তথ্যের কারণে জাহাজ দুটি ওই পথে প্রবেশ করে।
আইআরজিসি আরও দাবি করেছে, যুক্তরাষ্ট্রের চলমান সামরিক হামলার কারণে হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ রয়েছে। তারা বাণিজ্যিক জাহাজগুলোকে মাইন পাতা ওই নৌপথ এড়িয়ে চলার সতর্কবার্তাও দিয়েছে।
এক বিবৃতিতে আইআরজিসি জানায়, যুক্তরাষ্ট্রের হামলা বন্ধ না হওয়া পর্যন্ত এ অঞ্চল থেকে তেল, গ্যাস ও পেট্রোকেমিক্যাল পণ্য রপ্তানি হবে না।
এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, টানা সপ্তম রাতের মতো তারা ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় নতুন করে হামলা চালিয়েছে। তাদের দাবি, এই অভিযানের লক্ষ্য ছিল ইরানের সামরিক সক্ষমতা আরও দুর্বল করা।
ইরানের গণমাধ্যম জানিয়েছে, কেশম, বুশেহর, সিরিক ও বন্দর আব্বাসে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রাষ্ট্রীয় টেলিভিশনের তথ্য অনুযায়ী, হরমোজগান প্রদেশের সিরিক এলাকার বামানি অঞ্চলে অন্তত তিনটি বিস্ফোরণ হয়েছে।