ঢাকাস্থ যশোর সাংবাদিক ফোরামের ফল উৎসব অনুষ্ঠিত
সংগৃহীত
রাজধানী ঢাকায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত যশোর জেলার সাংবাদিকদের সংগঠন ‘যশোর সাংবাদিক ফোরাম, ঢাকা’র উদ্যোগে এক ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে এ উৎসবের আয়োজন করা হয়। আম, কাঁঠাল, আমলকী, আনারসসহ হরেক রকমের দেশীয় ফলের সমাহারে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়।
যশোর সাংবাদিক ফোরামের আহ্বায়ক ও জিটিভির বিশেষ প্রতিনিধি মাহমুদ সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সদস্যসচিব ও সময় টেলিভিশনের যুগ্ম বার্তা সম্পাদক নাজিম উদ দৌলা সাদি। এতে ঢাকার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত শতাধিক সাংবাদিক অংশ নেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে ঢাকা মেইলের নির্বাহী সম্পাদক হারুন জামিল বলেন, ‘যশোর সাংবাদিক ফোরাম আমাদের প্রাণের সংগঠন। সংগঠনটির পথচলা দুর্বার গতিতে এগিয়ে যাক। ঢাকায় সবাই ঐক্যবদ্ধ থাকলে যশোর থেকে আসা নবীন সাংবাদিকরা কখনোই অভিভাবকহীন বোধ করবেন না।’ একই সঙ্গে দেশের স্বার্থে রাষ্ট্রীয় কাজে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সভাপতি ও বাসসের সিটি এডিটর মুরসালিন নোমানী বলেন, ‘আমাদের এই পথচলা সুন্দর ও সার্থক হোক। পরস্পরের বিপদে-আপদে পাশে দাঁড়ানো এবং নিজেদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত।’ এ ছাড়া প্রাকৃতিক ও অন্যান্য দুর্যোগ ব্যবস্থাপনায় সাংবাদিকদের ভূমিকা নিয়ে সরকার ও যশোরের সাংবাদিকদের নিয়ে দ্রুত একটি মতবিনিময় সভা আয়োজনের পরামর্শ দেন তিনি।
সমাপনী বক্তব্যে সভাপতি মাহমুদ সোহেল উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, পেশাগত ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করা এবং সাংবাদিকদের কল্যাণে সংগঠনটি ভবিষ্যতেও বিভিন্ন ইতিবাচক কার্যক্রম অব্যাহত রাখবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক রাশেদুল ইসলাম, ফল উৎসব পরিচালনা কমিটির আহ্বায়ক ও ডিআরইউর সাবেক কল্যাণ সম্পাদক তানভীর আহমেদ, সদস্যসচিব হাসান ওয়ালী, যশোর সাংবাদিক ফোরামের যুগ্ম আহ্বায়ক খালিদ সাইফুল্লাহ, যুগ্ম সদস্যসচিব আব্দুল আলিম, আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম, রকি আহমেদ, এফ এ সাহেদ, মুতাসিম বিল্লাহ, জয়নাল আবেদীন, রুমান হাসান তামিম, পলিয়ার ওয়াহিদ ও ফয়সাল আহমেদ প্রমুখ।