ইসরায়েলের ওপর ইইউর কূটনৈতিক চাপ

ইসরায়েলের ওপর ইইউর কূটনৈতিক চাপ

ফাইল ছবি

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণ অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সংস্থাটি সতর্ক করে বলেছে, নতুন বসতি নির্মাণ এবং অন্যান্য একতরফা পদক্ষেপ ভবিষ্যতে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনাকে দুর্বল করে দিচ্ছে। খবর আলজাজিরার।

শুক্রবার এক বিবৃতিতে ইইউর একজন মুখপাত্র ইসরায়েলের প্রতি বসতি আউটপোস্ট বৈধতা দেওয়া, ফিলিস্তিনিদের জমি অধিগ্রহণ, বাড়িঘর ভাঙা, জোরপূর্বক উচ্ছেদসহ দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানকে ক্ষতিগ্রস্ত করে এমন সব পদক্ষেপ বন্ধের আহ্বান জানান।

এর কয়েক দিন আগে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা অধিকৃত পশ্চিম তীরে ৩৪টি নতুন বসতি স্থাপনের জন্য ১.৩ বিলিয়ন শেকেল (প্রায় ৪২৭.৮ মিলিয়ন মার্কিন ডলার) বরাদ্দ অনুমোদন করে।

এদিকে পশ্চিম তীরে চলমান সহিংসতার মধ্যেই ইসরায়েলি বসতি স্থাপনকারী ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘটিত বিভিন্ন ঘটনায় শিশুসহ বেশ কয়েকজন ফিলিস্তিনি আহত হওয়ার খবর পাওয়া গেছে। এই প্রেক্ষাপটেই ইইউ নতুন করে কূটনৈতিক চাপ বাড়িয়েছে।