নরওয়েতে আগুনে পুড়লো শতাধিক বাড়িঘর
ছবিঃ সংগৃহীত।
দক্ষিণ নরওয়ের ড্রামেন শহরের কাছে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০০টিরও বেশি বাড়িঘর বাড়িঘর পুড়ে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শত শত মানুষকে এলাকাটি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে। পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার(১৭ জুলাই) বিকালে শহরের একটি ‘টাউনহাউস’(সারিবদ্ধ বাড়ি) থেকে আগুনের সূত্রপাত হয়।
এরপর মুহূর্তের মধ্যে আগুন আশপাশের এলাকা ও সংলগ্ন বনাঞ্চলে ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনতে শনিবার(১৮ জুলাই) সকালেও দমকলকর্মীরা প্রচেষ্টা চালিয়ে যান। আগুন নেভাতে ৬০ জনেরও বেশি দমকলকর্মী কাজ করেন এবং হেলিকপ্টারের সাহায্যে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হয়।
আগুন জ্বলতে থাকা অবস্থায় এবং তা পার্শ্ববর্তী বনাঞ্চলে ছড়িয়ে পড়ায় পুলিশ শত শত মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়।কোনো বাসিন্দার নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত কীভাবে হলো, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনআরকে জানিয়েছে, শত শত মানুষ একটি আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন। ড্রামেন শহরটি অসলো থেকে প্রায় ৩৪ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।
সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস, রয়টার্স।