বাবা হারালেন টোটা রায়চৌধুরী
ছবি: সংগৃহীত
টালিউড অভিনেতা টোটা রায়চৌধুরীর পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। অভিনেতার বাবা বিপ্লবাঙ্কুর রায়চৌধুরী আর নেই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।
তবে পরিবারের ইচ্ছায় মৃত্যুর খবরটি এত দিন প্রকাশ করা হয়নি। প্রায় এক সপ্তাহ পর বিষয়টি সামনে এসেছে।
ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গত ৯ জুলাই ছিল টোটা রায়চৌধুরীর জন্মদিন। এর ঠিক পরদিন, ১০ জুলাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন তাঁর বাবা।
জানা গেছে, বিপ্লবাঙ্কুর রায়চৌধুরী ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তবে দীর্ঘদিন তাঁর শরীরে তেমন কোনো উপসর্গ দেখা যায়নি। হঠাৎ পিঠে তীব্র ব্যথা অনুভব করলে তাঁকে হাসপাতালে নেওয়া হয়।
পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা জানান, তিনি ফুসফুসের ক্যান্সারের শেষ পর্যায়ে পৌঁছে গেছেন।
টোটা রায়চৌধুরীর স্ত্রী শর্মিলি রায়চৌধুরী বলেন, ‘দিন তিনেক মাত্র কষ্ট পেয়েছেন বাবা। হাসপাতালে ভর্তি ছিলেন। গত সপ্তাহে ছিল টোটার জন্মদিন। আশীর্বাদ নিয়ে হাসপাতালে বাবার কাছে গিয়েছিলেন অভিনেতা।
তখন বিপ্লবাঙ্কুরবাবুর মুখ ঢাকা ছিল মাস্কে। নাকেমুখে নল। তাই কথা বলতে পারেননি। শুধু ছেলে টোটার গায়ে হাত বুলিয়ে আশীর্বাদ করেন। তার পরের দিনই সব শেষ!’
পিতৃবিয়োগে ভেঙে পড়েছেন টোটা রায়চৌধুরী। পরিবারের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, তিনি এখন শোকাহত এবং কথা বলার মতো মানসিক অবস্থায় নেই। আগামী ২২ জুলাই তাঁর বাবার শেষকৃত্য সম্পন্ন হবে।
উল্লেখ্য, ব্যক্তিগত জীবন সবসময়ই প্রচারের আলো থেকে দূরে রাখেন টোটা রায়চৌধুরী। তাই বাবার মৃত্যুর খবরও পরিবারের গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ ছিল কয়েকদিন। খবরটি প্রকাশ্যে আসার পর অভিনেতার প্রতি সমবেদনা জানিয়েছেন তাঁর ভক্ত-অনুরাগী ও সহকর্মীরা।