চট্টগ্রামে পানিতে ডুবে কিশোরের মৃত্যু

চট্টগ্রামে পানিতে ডুবে কিশোরের মৃত্যু

প্রতিকি ছবি

চট্টগ্রামের মিরসরাই উপজেলার মায়ানি ইউনিয়নে পুকুরে গোসল করতে নেমে শোয়াইব হোসাইন (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ জুলাই) দুপুরে উপজেলার পূর্ব মায়ানী কাজিরহাট এলাকার এই দুর্ঘটনা ঘটে। নিহত শোয়াইব স্থানীয় মাজেদা হক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী। তার মা তাসলিমা খানম স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা।

স্থানীয়দের বরাতে বড়তাকিয়া রেডিয়েন্স হাসপাতালের চিকিৎসক ডা. কামরুল হাসান জানান, শনিবার দুপুরে আরো দুই বন্ধুকে নিয়ে বাড়ির পুকুরে গোসল করতে নামে শোয়াইব। তারা পুুকুরের এক পাশ থেকে ডুব দিয়ে অন্য পাশে যাওয়ার চেষ্টা করছিলো। একপর্যায়ে দুই বন্ধুর অগোচরে শোয়াইব পুকুরঘাটের নিচে আটকে যায়। অনেকক্ষণ ধরে তাকে খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যাচ্ছিলো না। কিছুক্ষণ বাড়ির অন্যরাও খোঁজ শুরু করে। কিছুক্ষণ পর তাকে পুকুরঘাটের নিচে অচেতন হয়ে আটকে থাকা অবস্থায় উদ্ধার করে হাসপাতালে আনা হয়। পরীক্ষা নিরীক্ষায় তাকে মৃত পাওয়া যায়। পরে আইনগত প্রক্রিয়ার জন্য তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।