বগুড়ায় গাছ ব্যবসায়ীকে গণপিটুনি, মাদক মামলায় কারাগারে প্রেরণ
ফাইল ছবি
বগুড়ার নন্দীগ্রামে হোসেন আলী (৩৫) নামে এক গাছ ব্যবসায়ীকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় জনতা।
শনিবার (১৮ জুলাই) দুপুরে তাকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত হোসেন আলী পৌর সদরের কলেজপাড়া মহল্লার হাফিজ উদ্দিনের ছেলে।
জানা গেছে, মাদক সেবনের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল ও চাঁদাবাজির অভিযোগে শুক্রবার (১৭ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে শহরের পুরাতন বাজার পাইলট হাইস্কুল মোড়ে দু’পক্ষের মারপিটের ঘটনা ঘটে। এসময় আহত হন উপজেলা জাতীয় যুব সংহতির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব বাবু রফিক (২৮)। ঘটনার পরপরই মাদক সংশ্লিষ্টতার অভিযোগে ওই ব্যবসায়ীকে আটক করে গণপিটুনি দেন স্থানীয় জনতা। তবে, গাছ ব্যবসায়ীকে মারপিট করে ইয়াবা দিয়ে ফাঁসানো হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার।
পুলিশের দাবি, গ্রেফতারকৃত হোসেন আলী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। গোপন তথ্যের ভিত্তিতে পৌরশহরের কলেজপাড়া মহল্লায় অভিযান চালায় পুলিশ। এসময় তার দেহ তল্লাশি করে ৫০ পিস ইয়াবা পাওয়া যায়।
নন্দীগ্রাম পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন জানান, গ্রেফতারকৃত হোসেন আলী দীর্ঘদিন ধরে কলেজপাড়াসহ উপজেলার বিভিন্ন এলাকায় ইয়াবা সরবরাহ করে আসছিলেন। নানা ধরনের মাদক বিক্রি করে যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছিলেন তিনি। শুক্রবার সন্ধ্যায় এলাকাবাসীকে সঙ্গে নিয়ে মাদকবিরোধী অভিযান চালানো হয়। তার কাছে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া গেলে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
নন্দীগ্রাম থানার ওসি (তদন্ত) মো. রাজু কামাল জানান, স্থানীয় জনতার সহযোগিতায় হোসেন আলীকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে হাজির করলে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।