বগুড়ায় পানির ট্যাংকারের ধাক্কায় অটোভ্যান চালক নিহত

বগুড়ায় পানির ট্যাংকারের ধাক্কায় অটোভ্যান চালক নিহত

সংগৃহীত ছবি

বগুড়ার শেরপুরে উল্টো পথে আসা একটি পানির ট্যাংকারের ধাক্কায় ব্যাটারিচালিত অটোভ্যানের চালক জয়নাল আবেদীন (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় অটোভ্যানের আরো দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন।

 

শনিবার (১৮ জুলাই) বিকেল ৪টার দিকে শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ঘোগা বটতলা এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত জয়নাল আবেদীন শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের গৌড়তা গ্রামের মো. সেলিম উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন চালক। এ ছাড়াও ছোনকা উচ্চবিদ্যালয় ও ছোনকা বাজার জামে মসজিদের সামনে ঝালমুড়িও বিক্রি করতেন।

 

জানা যায়, শনিবার বিকেলে ঘোগা বটতলা মোড় এলাকায় মহাসড়কে ইউটার্ন নিচ্ছিল একটি ব্যাটারিচালিত অটোভ্যান। এসময় উল্টো পথে আসা আব্দুল মোনেম কম্পানির একটি দ্রুতগামী পানির ট্যাংকার অটোভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ট্যাংকারের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই চালক জয়নাল আবেদীনের মৃত্যু হয়।

দুর্ঘটনায় অটোভ্যানে থাকা যাত্রী মো. শাহ আলম (৪০) ও মো. জামাল বখত (৪৫) গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠায়। আহত ব্যক্তিরা বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আইয়ুব আলী জানান, দুর্ঘটনায় জড়িত ঘাতক পানির ট্যাংকারটি আটক করা হয়েছে। নিহতের মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে আছে। এই ঘটনায় একটি মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।