মনোহরদীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করলেন স্বাস্থ্যমন্ত্রী

মনোহরদীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করলেন স্বাস্থ্যমন্ত্রী

সংগৃহীত

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন নরসিংদীর মনোহরদীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করেছেন। নরসিংদীর মনোহরদী উপজেলার গাংকুলকান্দি ভূঁইয়া বাজার সংলগ্ন মাঠে ‘নব দিগন্ত ক্লাব’ এই মেধা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই। আজকের কোমলমতি শিক্ষার্থীদের সামনে স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরতে হবে, যাতে তারা মুক্তিযুদ্ধের প্রকৃত সত্য জানতে পারে।

সরকারের নীতি ও উন্নয়ন কার্যক্রমের কথা উল্লেখ করে সরদার সাখাওয়াত হোসেন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার ‘সবার আগে বাংলাদেশ’-এই নীতিতে এগিয়ে যাচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিখাতের উন্নয়নে বিভিন্ন কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে, যার সুফল জনগণ পেতে শুরু করেছে।

নব দিগন্ত ক্লাবের চেয়ারম্যান প্রফেসর মোস্তাক আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এমএ মুহাইমিন আল জিহান এবং মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলনসহ প্রমুখ।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী কৃতী ৪০ জন শিক্ষার্থীর হাতে মেধা বৃত্তির ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন।