জলবায়ু পরিবর্তনে কর্মশক্তির ঝুঁকি নিয়ে ইউআইইউতে সেমিনার

জলবায়ু পরিবর্তনে কর্মশক্তির ঝুঁকি নিয়ে ইউআইইউতে সেমিনার

সংগৃহীত

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের (এসওবিই) উদ্যোগে নেক্সাস সেমিনার সিরিজের দ্বিতীয় আয়োজন হিসেবে “দ্য ডাবল বার্ডেন অব ক্লাইমেট চেঞ্জ: হাউ হিট স্ট্রেস অ্যান্ড এয়ার পলিউশন স্ট্র্যাটিফাই দ্য ওয়ার্কফোর্স” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১০টায় ইউআইইউ ক্যাম্পাসে আয়োজিত এ সেমিনারে জানানো হয়, দীর্ঘমেয়াদি এই সেমিনার সিরিজ ব্যবসা, অর্থনীতি, সমাজ, একাডেমিয়া ও শিল্পখাতের মধ্যে কার্যকর ও টেকসই প্রাতিষ্ঠানিক সেতুবন্ধন গড়ে তুলতে কাজ করবে।

সেমিনারে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) সিনিয়র ইকোনমিস্ট মিনহাজ মাহমুদ মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি বলেন, “জলবায়ু পরিবর্তনের ফলে ক্রমবর্ধমান তাপজনিত চাপ (Heat Stress) এবং বায়ুদূষণ একসঙ্গে একটি ‘দ্বৈত বোঝা’ (Double Burden) তৈরি করছে, যা দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার কর্মশক্তির উৎপাদনশীলতা, শ্রমবাজার এবং সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর গভীর নেতিবাচক প্রভাব ফেলছে।”

এশিয়ার কয়েকটি দেশের তথ্য-উপাত্তভিত্তিক গবেষণার আলোকে তিনি বলেন, “জলবায়ুজনিত ঝুঁকি সমাজের সব শ্রেণির মানুষের ওপর সমানভাবে প্রভাব ফেলে না। বরং ঘরের বাইরে কর্মরত শ্রমিক, নারী, প্রবীণ জনগোষ্ঠী এবং ঢাকার মতো ঘনবসতিপূর্ণ নগরাঞ্চলের বাসিন্দারা তুলনামূলকভাবে বেশি ঝুঁকিতে রয়েছেন। তিনি আরও উল্লেখ করেন, তাপমাত্রা বৃদ্ধি ও বায়ুদূষণের সম্মিলিত প্রভাব কেবল জনস্বাস্থ্য নয়, শ্রমবাজারের কাঠামোগত দুর্বলতাকেও আরো প্রকট করে তুলছে।”

ড. মাহমুদ জোর দিয়ে বলেন, “টেকসই ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে জলবায়ু-সহনশীল কর্মশক্তি গড়ে তোলার পাশাপাশি প্রমাণভিত্তিক নীতি প্রণয়ন ও কার্যকর বাস্তবায়নের কোনো বিকল্প নেই। বিশেষ করে স্বল্পোন্নত দেশের (এলডিসি) মর্যাদা থেকে উত্তরণের পর বাংলাদেশের অর্থনৈতিক বাস্তবতায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দীর্ঘমেয়াদি ও কৌশলগত পরিকল্পনা গ্রহণ অত্যন্ত জরুরি।”

নেক্সাস সেমিনার সিরিজের আহ্বায়ক অধ্যাপক এম. নিয়াজ আসাদুল্লাহ বলেন, “বাংলাদেশের অর্থনৈতিক রূপান্তর, জলবায়ু-সহনশীলতা এবং টেকসই উন্নয়নের সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে অর্থবহ একাডেমিক আলোচনা এগিয়ে নেওয়ার লক্ষ্যেই এ সেমিনারের আয়োজন। তিনি আরও বলেন, সরকার, শিল্পখাত, নীতিনির্ধারণী মহল এবং শিক্ষাঙ্গনের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে নেক্সাস সেমিনার সিরিজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।”

সেমিনারে ইউআইইউর বিবিএ প্রোগ্রামের পরিচালক অধ্যাপক সালমা করিম বক্তব্য রাখেন। প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী, গবেষক, উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি এবং বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।