বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে ঢাবিতে বিশেষ নির্দেশনা

বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে ঢাবিতে বিশেষ নির্দেশনা

ফাইল ছবি

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল ম্যাচ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে নিরাপত্তা জোরদারে ১৯ জুলাই সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে ২০ জুলাই ভোর ৬টা পর্যন্ত দর্শনার্থী ও যানবাহন চলাচলে বিশেষ বিধিনিষেধ জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শুক্রবার (১৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তর থেকে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থী ও ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তার স্বার্থে আগামী ১৯ জুলাই সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে ২০ জুলাই ভোর ৬টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী ছাড়া অন্য কোনো দর্শনার্থীর প্রবেশ সীমিত থাকবে। একইসঙ্গে যানবাহন চলাচলও নিয়ন্ত্রিত হবে।

এ সময় বিশ্ববিদ্যালয়ের শাহবাগ, দোয়েল চত্বর, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড ও নীলক্ষেত প্রবেশপথ দিয়ে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত যানবাহন এবং জরুরি সেবার যানবাহন প্রবেশ করতে পারবে। জরুরি সেবার আওতায় অ্যাম্বুলেন্স, চিকিৎসক ও রোগীবাহী যান, সংবাদমাধ্যমের গাড়ি, রাইড-শেয়ারিং, খাবার সরবরাহকারী যান, অনলাইন শপিং ডেলিভারি যান এবং অন্যান্য সরকারি যানবাহন অন্তর্ভুক্ত থাকবে।

তবে পালাশী থেকে দোয়েল চত্বর হয়ে হাইকোর্ট মোড় পর্যন্ত সড়কটি স্বাভাবিকভাবে চলাচলের জন্য উন্মুক্ত থাকবে বলে জানানো হয়েছে।

এছাড়া, গণপরিবহন ও ভারী যানবাহনের ক্যাম্পাসে প্রবেশ আগের মতোই নিয়ন্ত্রিত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।বিশ্ববিদ্যালয় প্রশাসন সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করে জানিয়েছে, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত ও শৃঙ্খলা বজায় রাখতেই এ সাময়িক ব্যবস্থা নেওয়া হয়েছে।