সাপের ‘বিষঝাড়া ওঝা’ নিজেই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন
ছবিঃ সংগৃহীত।
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় একটি বসতবাড়ি থেকে গোখরা সাপ উদ্ধার করতে গিয়ে সাপের কামড়ে আহত হয়েছেন ইমরান হোসেন (৩৮) নামে এক ওঝা। বর্তমানে তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার গোলাপনগর ইউনিয়নের বাগগাড়িপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত ইমরান ভেড়ামারা উপজেলার হিড়িমাদিয়া গোরস্থানপাড়া এলাকার মোশারফ হোসেনের ছেলে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত সাপ ধরার ভিডিও প্রকাশ করেন এবং নিজেকে সাপুড়িয়া ও ওঝা হিসেবে পরিচয় দেন।
স্থানীয় সূত্র জানায়, আগের দিন বৃহস্পতিবার একই বাড়ির ২২ বছর বয়সী সম্রাট নামে এক যুবক সাপের কামড়ে মারা যান। শুক্রবার আবারও বাড়িতে সাপ দেখা গেলে আতঙ্কিত পরিবার ইমরানকে খবর দেয়।
ইমরান জানান, তিনি প্রথমে উঠান থেকে তিনটি সাপের বাচ্চা উদ্ধার করেন। পরে একটি গর্ত থেকে বড় একটি গোখরা সাপ বের করে ধরার চেষ্টা করেন। এ সময় অসাবধানতাবশত সাপটি তার হাঁটুর ওপরে ছোবল দেয়। পরে স্থানীয় দুই যুবক তাকে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালে চিকিৎসাধীন ইমরান বলেন, সম্রাটের বিয়ে হয়েছিল দেড় বছর আগে। তার স্ত্রী বর্তমানে চার মাসের অন্তঃসত্ত্বা। সম্রাটের মৃত্যুর পর পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে তাকে সাপ ধরতে ডাকেন।
ঘটনার পর ইমরানের একটি ভিজিটিং কার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে তিনি নিজেকে সাপুড়িয়া পরিচয় দিয়ে সাপ ধরা, সাপের বিষ ঝাড়া এবং বিভিন্ন জটিল ও গোপন রোগের চিকিৎসা করার দাবি করেছেন।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ইকবাল হাসান বলেন, হাসপাতালে আনার পর ইমরানকে প্রয়োজনীয় চিকিৎসা ও অ্যান্টিভেনম দেওয়া হয়েছে। পরে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এবং তিনি আশঙ্কামুক্ত।