রংপুরে ২৪০০ পিস টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ছবিঃ সংগৃহীত।
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় মাদক বিরোধী অভিযানে প্রায় ৫ লাখ টাকা মূল্যের টাপেন্টাডলের বড় চালান উদ্ধার করা হয়েছে। এ সময় পুলিশ দুইজনকে গ্রেফতার করে।
শনিবার রাত ১২টার দিকে গঙ্গাচড়া উপজেলার তালুকহাবু এলাকার নিশাত বেনারসি দোকানের সামনে অভিযান চালিয়ে ২ হাজার ৪০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করা হয়।
গঙ্গাচড়া পুলিশ জানিয়েছে, পুলিশ সুপারের নির্দেশে মাদক বিরোধী অভিযানে গঙ্গাচড়া থানা পুলিশ কাকিনা-রংপুর সড়কে ওৎ পেতে থাকে। রাতে সন্দেহভাজন মোটরসাইকেলে করে অভিযুক্ত সুমন মিয়া ও লুনা আক্তার তালুক হাবু এলাকায় আসলে পুলিশ তাদের থামায়। এ সময় মোটরসাইকেল তল্লাশি করা হলে সিটের নিচে বিশেষ কায়দায় রাখা ২ হাজার ৪০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
গঙ্গাচড়া মডেল থানার ওসি আব্দুস ছবুর বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে লালমনিরহাট সদর এলাকার বাসিন্দা সুমন ও লুনা মোটরসাইকেলে করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে থানা পুলিশ তাদের মাদকসহ হাতে নাতে আটক করে। মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১৩৫ সিসি মোটরসাইকেল ও মাদক ব্যবসার কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। গঙ্গাচড়া থানায় সুমন ও লুনার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।