যাত্রীবেশে অটোরিকশা ছিনতাই, চালককে হত্যা; আটক ১

যাত্রীবেশে অটোরিকশা ছিনতাই, চালককে হত্যা; আটক ১

প্রতিকি ছবি

 

দিনাজপুরের ফুলবাড়ীতে যাত্রীবেশে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের সময় ছুরিকাঘাতে নবিরুল ইসলাম (৪০) নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধার এবং একজনকে গ্রেফতার করেছে পুলিশ। অন্য দুই অভিযুক্তকে গ্রেফতারে অভিযান চলছে।

শনিবার রাত ১০টার দিকে ফুলবাড়ী উপজেলার উত্তর লক্ষ্মীপুর (কুর্শাখালী রেলগেট) এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নবিরুল ইসলাম দিনাজপুরের বিরামপুর উপজেলার দুর্গাপুর গ্রামের শাহাব উদ্দিনের ছেলে।

গ্রেফতার আকাশ আহম্মেদ (২২) জয়পুরহাট জেলার মনোয়ারের ছেলে। তিনি বর্তমানে ফুলবাড়ী পৌর এলাকার চকসাহাবাজপুরে তার সৎবাবা শাহাজাহানের সঙ্গে বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে ফুলবাড়ী পৌর শহরের ঢাকা মোড় (শাপলা চত্বর) থেকে শাহাবাজপুর যাওয়ার কথা বলে তিনজন যাত্রী নবিরুল ইসলামের অটোরিকশায় ওঠেন।

উত্তর লক্ষ্মীপুর এলাকায় পৌঁছানোর পর তারা অটোরিকশা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। নবিরুল বাধা দিলে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় নবিরুলকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।

ঘটনার খবর পেয়ে পুলিশ রাত ১টার দিকে অভিযান চালিয়ে ঘোড়াঘাট উপজেলা থেকে ছিনতাই হওয়া অটোরিকশাসহ আকাশ আহম্মেদকে গ্রেফতার করে। তবে তার দুই সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ জানান, এ ঘটনায় অটোরিকশাসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহতের চাচা নুরুল ইসলাম বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে