চট্টগ্রামের লবণ ফ্যাক্টরিতে অগ্নিদগ্ধ আরও ১ শ্রমিকের মৃত্যু
সংগৃহীত ছবি
চট্টগ্রামের বোয়ালখালীতে কনফিডেন্স লবণ কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় নুর নবী (২৫) নামের আরেক শ্রমিকের মৃত্যু হয়েছে।
রোববার (১৯ জুলাই) রাত ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইউনিটে তার মৃত্যু হয়।
নুর নবী বোয়ালখালী উপজেলার চরখিজিরপুর এলাকার সাতগড়িয়া পাড়ার নুরুচ্ছফার ছেলে। তার সংসার জীবনে ১ বছর ৪ মাসের এক ছেলে সন্তান রয়েছে।
এর আগে বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত ৮টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন মো. দিদার (৩২) ও নুরুল আলম (৩৫) নামের দুই শ্রমিকের মৃত্যু হয়।
প্রসঙ্গত, গত ১৬ জুলাই বেলা ১১টার দিকে বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদণ্ডী এলাকার কনফিডেন্স সল্ট কোম্পানির কারখানায় শ্রমিকেরা কাজ করার সময় হঠাৎ বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে ১০ শ্রমিক দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।