উৎসে কর মনিটরিংয়ে উদ্যোক্তাদের হয়রানি না করতে ঢাকা চেম্বারের আহ্বান

উৎসে কর মনিটরিংয়ে উদ্যোক্তাদের হয়রানি না করতে ঢাকা চেম্বারের আহ্বান

ছবি: ফাইল ফটো

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর আইন, ২০২৩-এর ১৪৭(২) ধারার আওতায় ব্যবসায়িক ও আর্থিক প্রতিষ্ঠানের উৎসে কর কর্তন, জমা, মনিটরিং ও যাচাইকরণ কার্যক্রম জোরদারের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। 

সংগঠনটির মতে, এ উদ্যোগ যথাযথভাবে বাস্তবায়িত হলে রাজস্ব আহরণ বৃদ্ধি এবং করজাল সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সোমবার (২০ জুলাই) সংগঠনটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

তবে ডিসিসিআই উদ্বেগ প্রকাশ করে বলেছে, আইন বাস্তবায়নের ক্ষেত্রে কর ব্যবস্থাপনায় ইতোমধ্যে কমপ্লায়েন্স নিশ্চিতকারী কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান যেন অযথা হয়রানির শিকার না হয়, তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে যেসব প্রতিষ্ঠান এখনো পুরোপুরি কমপ্লায়েন্স নিশ্চিত করতে পারেনি, তাদের প্রয়োজনীয় সময় ও সুযোগ দিয়ে নিয়মিত কর কাঠামোর আওতায় আনার জন্য এনবিআরের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।

ঢাকা চেম্বার আরও মনে করে, সরকারের রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জন এবং করজাল সম্প্রসারণে রাজস্ব ব্যবস্থাপনায় অটোমেশন ও ডিজিটাল কার্যক্রমের কার্যকর ব্যবহার নিশ্চিত করা জরুরি। এর মাধ্যমে বেসরকারি খাতের উদ্যোক্তাদের অনাকাঙ্ক্ষিত ভোগান্তি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হবে।

সংগঠনটির মতে, রাজস্ব আহরণ বৃদ্ধি এবং ব্যবসাবান্ধব পরিবেশ বজায় রাখা—দুই লক্ষ্যই একসঙ্গে অর্জন করা সম্ভব। এজন্য এনবিআরের সঙ্গে গঠনমূলক সংলাপ অব্যাহত রাখার পাশাপাশি ব্যবসায়ীদের কর ব্যবস্থাপনায় আরও শৃঙ্খলাবদ্ধ করতে সরকার ও বেসরকারি খাতকে সমন্বিতভাবে কাজ করতে হবে।