ফুলবাড়ীতে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড

ফুলবাড়ীতে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড

প্রতিকি ছবি

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় প্রকাশ্যে গাঁজা সেবনের দায়ে দুই মাদকসেবীকে অর্থদণ্ড ও বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুরে উপজেলার ধরলা সেতুর পূর্বপাড় এলাকায় টহল চলাকালে ফুলবাড়ী থানা পুলিশ প্রকাশ্যে গাঁজা সেবনের সময় দুই ব্যক্তিকে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে প্রায় ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

আটক দুই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন তাদের দোষী সাব্যস্ত করে দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, লালমনিরহাট জেলার নয়ারহাট ভাটী এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে মোহাম্মদ ফিরোজ হাসান (২৬) এবং একই জেলার সাপটানা উচাটারি এলাকার মৃত নুর মোহাম্মদের ছেলে আলমগীর কবির (৪৫)।

আদালত মোহাম্মদ ফিরোজ হাসানকে ১০০ টাকা অর্থদণ্ড এবং তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে আলমগীর কবিরকে ১০০ টাকা অর্থদণ্ড ও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

ফুলবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) ইয়াসিন আলী বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে।