৪০ ফুট ওপর থেকে আছড়ে পড়লেন পর্যটক

৪০ ফুট ওপর থেকে আছড়ে পড়লেন পর্যটক

সংগৃহীত ছবি

অ্যাডভেঞ্চারের নেশায় মেতেছিলেন এক পর্যটক। কিন্তু সেই আনন্দ-উন্মাদনাই মুহূর্তের মধ্যে পরিণত হলো এক ভয়ংকর দুঃস্বপ্নে। শূন্যে ভেসে রোমাঞ্চকর জিপলাইন রাইড উপভোগ করার সময় হঠাৎ বিপত্তি। সেফটি লক বা সুরক্ষার বাঁধন ছিঁড়ে প্রায় ৪০ ফুট ওপর থেকে সোজা মাটিতে আছড়ে পড়লেন ওই পর্যটক।

ভয়ংকর এই দুর্ঘটনাটি ঘটেছে ভারতের কর্ণাটকের ডান্ডেলি এলাকার একটি রিসোর্টে। আহত পর্যটকের নাম কুবের সুরপুর। শূন্য থেকে মাটিতে পড়ে তার হাত ও পায়ের একাধিক হাড় ভেঙে গেছে। স্নায়ুতেও মারাত্মক আঘাত লেগেছে। হাড়হিম করা এই দুর্ঘটনার ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই ঘটনা অ্যাডভেঞ্চার ট্যুরিজমের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

কুবেরের পরিবারের অভিযোগ, জিপলাইনের সরঞ্জামগুলো মরচে ধরা ছিল এবং সেগুলোর ঠিকমতো রক্ষণাবেক্ষণ করা হয়নি। রাইডের মাঝপথে সেফটি লক পুরোপুরি খুলে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটে। এই অবহেলার জন্য রিসোর্ট কর্তৃপক্ষকেই দায় নিতে হবে বলে দাবি করেছে তার পরিবার।

আহত কুবেরকে প্রথমে একটি সরকারি হাসপাতাল ও পরে বিজয়পুরার একটি হাসপাতালে নেওয়া হয়। তবে উন্নত চিকিৎসার জন্য বর্তমানে তাকে মিরাজে স্থানান্তর করা হয়েছে।

এদিকে অনলাইনে ভিডিওটি ভাইরাল হওয়ার পর ক্ষোভে ফুঁসছেন নেটিজেনরা। তারা এ ধরনের অ্যাডভেঞ্চার স্পোর্টসের সরঞ্জাম নিয়মিত পরীক্ষা এবং অধিক নজরদারির দাবি তুলেছেন। এক ব্যবহারকারী ক্ষোভ প্রকাশ করে লেখেন, ‘জিপলাইনের নকশাটাই ভয়াবহ। দড়ি ছেড়ে দিলেও যাতে কেউ না পড়ে, সেভাবে বেল্টটি শরীরের সঙ্গে বাঁধা উচিত ছিল।’

আরেকজন আক্ষেপ করে বলেন, হয়তো সামান্য জরিমানা হবে, কয়েক সপ্তাহ বন্ধ থাকার পর রিসোর্টটি আবারও দিব্যি চালু হবে। কোনো বিচারই মিলবে না।