বগুড়ায় শ্যালককে বাঁচাতে গিয়ে ছুরিকাঘাতে দুলাভাই নিহত

বগুড়ায় শ্যালককে বাঁচাতে গিয়ে ছুরিকাঘাতে দুলাভাই নিহত

সংগৃহীত ছবি

বগুড়ার শাজাহানপুরে মাদকসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. রঞ্জু মিয়া (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (২০ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের ঘাষিড়া গ্রামে এ ঘটনা ঘটে।

রঞ্জু মিয়া শাজাহানপুর উপজেলার ঘাষিড়া এলাকার ফজলাল মিয়ার ছেলে। এ ঘটনায় রঞ্জু মিয়ার ছেলে মো. জুবায়ের (২৫) ও শ্যালক খোরশেদ আলম (৪০) আহত হয়েছেন। তাদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার রাতে স্থানীয় একটি ইটভাটার ভেতরে মাদকসংক্রান্ত বিষয় নিয়ে খোরশেদ আলমের সঙ্গে স্থানীয় কয়েকজনের বাগ্বিতণ্ডা হয়।

একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন খোরশেদকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। খবর পেয়ে তাকে রক্ষা করতে তার দুলাভাই রঞ্জু মিয়া ও ছেলে জুবায়ের এগিয়ে যান।

এ সময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাদের তিনজনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। ধারালো অস্ত্রের আঘাতে রঞ্জু মিয়া গুরুতর আহত হন এবং অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

পরে স্থানীয়রা আহত খোরশেদ ও জুবায়েরকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তারা চিকিৎসাধীন।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বলেন, ‘হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।’