জাকসুর উদ্যোগে জাবির পরিবহনে লাইভ ট্র্যাকিং সেবা চালু

জাকসুর উদ্যোগে জাবির পরিবহনে লাইভ ট্র্যাকিং সেবা চালু

সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পরিবহন ব্যবস্থায় যুক্ত হয়েছে লাইভ ট্র্যাকিং সিস্টেম ‘আইট্র্যাকার’। মোবাইল অ্যাপের মাধ্যমে এখন শিক্ষক-শিক্ষার্থীরা বাসের রিয়েল-টাইম অবস্থান ও গন্তব্যে পৌঁছানোর সম্ভাব্য সময় জানতে পারবেন।

রবিবার (১৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ফিল্ডে এই নতুন সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান। এর ফলে বাসের জন্য দীর্ঘ অপেক্ষা এবং যাতায়াতের ভোগান্তি কমবে বলে মনে করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

‘স্মার্ট পরিবহন, স্মার্ট ক্যাম্পাস’ স্লোগানকে সামনে রেখে উদ্যোগটি বাস্তবায়ন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)। নতুন এই প্রযুক্তির মাধ্যমে বাসের সঠিক অবস্থান ও গন্তব্যে পৌঁছানোর সম্ভাব্য সময় সহজেই জানা যাবে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীদের যাতায়াত আরো পরিকল্পিত ও সময়সাশ্রয়ী হবে।

উদ্যোগটির ধারাবাহিকতা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন উপাচার্য। তিনি বলেন, “শুধু প্রযুক্তি চালু করাই নয়, এটিকে নিয়মিত, কার্যকর ও টেকসইভাবে পরিচালনা করাই আমাদের মূল লক্ষ্য।”

দীর্ঘ পাঁচ মাসের চেষ্টায় উদ্যোগটি বাস্তবায়ন করা সম্ভব হয়েছে বলে জানান জাকসুর পরিবহন সম্পাদক তানভীর রহমান। তিনি বলেন, “আমাদের লক্ষ্য শিক্ষার্থীদের সময়ের মূল্য দেওয়া এবং যাতায়াতের ভোগান্তি কমানো।”

এই অ্যাপ চালুর ফলে চালকদের বিড়ম্বনা ও দুর্ঘটনার ঝুঁকি কমবে জানিয়ে তানভীর রহমান আরো বলেন, “আগে বাসের অবস্থান জানতে শিক্ষার্থীরা চালকদের ফোন করতেন। এতে চালকদের মনোযোগ বিঘ্নিত হতো এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ত। নতুন অ্যাপের কারণে শিক্ষার্থীদের আর ফোন করার প্রয়োজন হবে না। ফলে চালকরা সম্পূর্ণ মনোযোগ দিয়ে নিরাপদে বাস চালাতে পারবেন।”

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, প্রযুক্তির সঠিক ব্যবহার মানুষের জীবনকে সহজ ও নিরাপদ করে তোলে। এই সেবা পরিবহন ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করবে। নির্ধারিত রুটের বাইরে কোনো বাস চলাচল করলে তা সহজেই শনাক্ত করা সম্ভব হবে। ফলে জ্বালানির অপচয় কমবে এবং জরুরি সহায়তা প্রদানেও সুবিধা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. শামছুল আলম ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ নজরুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া, পরিবহন অফিসের ভারপ্রাপ্ত পরিচালক, ইফাদ গ্রুপের প্রতিনিধি, জাকসু নেতাসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে অংশ নেন।