আর্জেন্টিনাকে টপকে ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন

আর্জেন্টিনাকে টপকে ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন

সংগৃহীত

বিশ্বকাপের শিরোপা ধরে রাখতে না পারার হতাশা কাটতে না কাটতেই আরও একটি দুঃসংবাদ পেল আর্জেন্টিনা। ফিফার সর্বশেষ বিশ্ব র‍্যাঙ্কিংয়ে এক নম্বর স্থান হারিয়েছে লিওনেল স্কালোনির দল। নতুন চ্যাম্পিয়ন স্পেন উঠে এসেছে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে। অন্যদিকে কোনো ম্যাচ না খেলেও এক ধাপ এগুলো চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল।

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জয়ের পর স্পেনের রেটিং পয়েন্ট বেড়েছে ৩০ দশমিক ২৭। ফলে তাদের মোট পয়েন্ট দাঁড়িয়েছে ১ হাজার ৯৯৫ দশমিক ৮৮, যা তাদের নিয়ে গেছে বিশ্বের এক নম্বর অবস্থানে।

আর্জেন্টিনার পয়েন্ট অপরিবর্তিত থেকে ১ হাজার ৯৭০ দশমিক ৩৭ হলেও স্পেনের পয়েন্ট বেড়ে যাওয়ায় তারা এক ধাপ পিছিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে।

র‍্যাঙ্কিংয়ে আরেকটি ইতিবাচক খবর পেয়েছে ব্রাজিল। তাদের পয়েন্ট ১ হাজার ৮০৪ দশমিক ৯২-ই থাকলেও অন্য দলের অবস্থান পরিবর্তনের কারণে এক ধাপ এগিয়ে পাঁচ নম্বরে উঠে এসেছে সেলেসাওরা। একইভাবে মরক্কোও এক ধাপ এগিয়ে এখন ছয় নম্বরে। বিপরীতে দুই ধাপ পিছিয়ে সাত নম্বরে নেমে গেছে পর্তুগাল।

এদিকে বিশ্বকাপের আয়োজক দেশগুলোর একটি মেক্সিকো চার ধাপ এগিয়ে জায়গা করে নিয়েছে সেরা দশে। শেষ ষোলো পর্যন্ত ওঠার পুরস্কার হিসেবে তারা এখন দশম স্থানে রয়েছে।

বাংলাদেশের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। সর্বশেষ প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে ৯০২ দশমিক ৯৩ পয়েন্ট নিয়ে ১৮১ নম্বরেই রয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।