ঝিনাইদহে ব্যাটারিচালিত ভ্যান-মিনি ট্রাকের সংঘর্ষে নিহত ১

ঝিনাইদহে ব্যাটারিচালিত ভ্যান-মিনি ট্রাকের সংঘর্ষে নিহত ১

ফাইল ছবি

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় ব্যাটারিচালিত ভ্যান ও লাটাহাম্বার (মিনি ট্রাক) মুখোমুখি সংঘর্ষে মোস্তফা শেখ (৪৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে উপজেলার লালন সড়কের সরকারি লালন শাহ কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোস্তফা শেখ উপজেলার ভবানীপুর গ্রামের তাঁতীপাড়া এলাকার মৃত সদর শেখের ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরে যাত্রী নিয়ে ভ্যানটি সরকারি লালন শাহ কলেজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা খৈলবোঝাই একটি দ্রুতগতির অবৈধ ইঞ্জিনচালিত লাটাহাম্বার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ তিনজন গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মোস্তফা শেখকে মৃত ঘোষণা করা হয়।

আহত অপর দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসিৎ কুমার রায় জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনায় জড়িত দুটি যানবাহন জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।