বিশ্ব চ্যাম্পিয়ন দলকে বিশেষ সম্মাননা ডাক বিভাগের

বিশ্ব চ্যাম্পিয়ন দলকে বিশেষ সম্মাননা ডাক বিভাগের

ছবি: প্রতীকী

স্পেনের রাষ্ট্রীয় ডাক পরিষেবা ও কুরিয়ার সংস্থা কোরেওস বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন দলকে বিশেষ সম্মাননা জানিয়েছে। লা রোজাদের উৎসর্গ করে একটি বিশেষ স্মারক ডাকটিকিট ছেড়েছে তারা।

এই ডাকটিকিটে হোম জার্সির লাল রঙয়ের ব্যাকগ্রাউন্ডে জাতীয় দলের ব্যাজ রাখা হয়েছে, যেখানে দেশের দুটি বিশ্বকাপ শিরোপা জেতার জন্য রয়েছে দুটি তারকা।

২০১০ সালে প্রথমবার দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ জিতেছিল স্পেন। ১৬ বছর পর তারা আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হলো। খেলোয়াড়, কোচিং স্টাফ ও বিশ্বকাপ জয়ের পথে দলকে সমর্থন দেওয়ার জন্য ভক্তদের সম্মাননা জানাতে এই উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে কোরেওস।

তারা এক বিবৃতিতে বলেছে, ‘এই ডাকটিকিট প্রকাশের মাধ্যমে কোরেওস জাতির সম্মিলিত স্মৃতিতে এই ঐতিহাসিক মুহূর্তটিকে সংরক্ষণ করতে চায়। স্মারক ডাকটিকিটটি আবারো বিশ্ব শিরোপা উদযাপনকারী একটি জাতির গর্বের প্রতীক এবং দুটি ঐতিহাসিক প্রজন্মের মধ্যে একটি সেতুবন্ধন তৈরি করে: যে দলটি ২০১০ সালে বিশ্ব জয় করেছিল এবং যে দলটি ২০২৬ সালে আবারো তা করেছে। এক দশকেরও বেশি সময়ের ব্যবধানে দুটি মাইলফলক, তবুও প্রতিভা, নিষ্ঠা, প্রতিশ্রুতি ও দলীয় চেতনার মতো একই মূল্যবোধে তারা একত্রিত।’