কালীগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠানে ফলজ গাছের চারা বিতরণ

কালীগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠানে ফলজ গাছের চারা বিতরণ

সংগৃহীত ছবি

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় পরিবেশ সংরক্ষণ ও শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ফলজ গাছের চারা বিতরণ শুরু হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং স্থানীয় এনজিওগুলোর সহযোগিতায় প্রথম ধাপে ২৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানে ১ হাজার ৫০০টি ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট-২ আসনের এমপি মো. রোকন উদ্দিন বাবুল।

তিনি বলেন, একটি গাছ শুধু পরিবেশ রক্ষাই করে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও সবুজ বাংলাদেশ গড়ার ভিত্তিও তৈরি করে। তাই শিক্ষার্থীদের শুধু গাছ রোপণ করলেই হবে না, সেগুলোর নিয়মিত পরিচর্যাও নিশ্চিত করতে হবে। 

আয়োজকরা জানান, পর্যায়ক্রমে উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে ফলজ বৃক্ষের চারা বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদরুল আহসান, উপজেলা কৃষি কর্মকর্তা তুষার কান্তি রায়, বিএনপি নেতা আব্দুল লতিফ মাস্টার ও এনজিও প্রতিনিধি মো. নুরুজ্জামান। 

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও সুধীজন অংশ নেন।