শিক্ষার্থীকে বলাৎকারের মামলায় মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

শিক্ষার্থীকে বলাৎকারের মামলায় মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

প্রতিকি ছবি

চট্টগ্রাম নগরীতে এক শিক্ষার্থীকে বলাৎকারের মামলায় মো. রফিকুল ইসলাম (২৮) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে র‍্যাব।

মঙ্গলবার র‍্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃত রফিকুল বান্দবানের লামা উপজেলার বাসিন্দা। তিনি বাহির সিগন্যাল এলাকায় মদিনা মনোয়ারা সুন্নিয়া মাদ্রাসা ও হেফজখানার হেফজ বিভাগের শিক্ষক।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভুক্তভোগী ১৩ বছর বয়সী ওই শিক্ষার্থী মাদ্রাসার হেফজ বিভাগে পড়তেন। গত ২ জানুয়ারি ২০২৬ রাত থেকে শুরু করে বিভিন্ন সময়ে অভিযুক্ত শিক্ষক রাতের বেলায় শিক্ষার্থীকে ডেকে নিজের কক্ষে নিয়ে যান। সেখানে মারধরের ভয় দেখিয়ে একাধিকবার বলাৎকার করেন। সর্বশেষ গত ৯ জুলাই রাতেও তাকে যৌন নির্যাতনের অভিযোগ করা হয়েছে মামলার এজাহারে।

পরে বিষয়টি শিক্ষার্থীর পরিবার জানলে তার মা বাদী হয়ে গত ১৮ জুলাই চান্দগাঁও থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ওই মামলার সূত্র ধরে গতকাল সোমবার বিকেলে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।