গণতন্ত্র না থাকায় অনেক এলাকার সমস্যা গুরুত্ব পায়নি: ডেপুটি স্পিকার
সংগৃহীত ছবি
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, দীর্ঘদিন দেশে কার্যকর গণতান্ত্রিক পরিবেশ না থাকায় অনেক এলাকার সমস্যা সময়মতো গুরুত্ব পায়নি। ফলে প্রয়োজনীয় উন্নয়নকাজও পিছিয়ে ছিল। নেত্রকোনার কলমাকান্দা দুর্গাপুরও সেই পিছিয়ে পড়া এলাকার একটি।
তিনি আরও বলন, শহীদ জিয়ার আদর্শে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশ পরিচালনায় দেশের মানুষের আস্থা বাড়ছে। মাত্র কয়েক মাসেই নানা ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। কাউকে পেছনে ফেলে নয়, সমতলের সঙ্গে তাল মিলিয়ে পাহাড়ি জনগোষ্ঠীর বিভিন্ন ধর্মের-বর্ণের মানুষও একসাথে এগিয়ে যাবে। সে চেষ্টা করা হচ্ছে।
মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় কলমাকান্দা উপজেলা পরিষদ হলরুমে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন বিতরণ ও উপবৃত্তি প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন।
এ সময় তিনি ৩৫৩ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারী, শিশু ও শিক্ষার্থীকে বিভিন্ন পরিমাণে অর্থ অনুদানসহ সাইকেল ও সেলাই মেশিন বিতরণ করেন। একই সঙ্গে নিজস্ব তহবিল থেকেও চিকিৎসার জন্য সহায়তা প্রদান করেছেন।
অনুষ্ঠানে স্কুল-কলেজের ৪২ জন শিক্ষার্থী, ২৮ জন বিধবা নারীকে সেলাই মেশিন তুলে দেন ডেপুটি স্পিকার। প্রাথমিক থেকে শুরু করে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মোট ২৮৩ শিক্ষার্থীকে বিভিন্ন পরিমাণে শিক্ষার জন্য নগদ অর্থ প্রদান করা হয়। এছাড়া ৯টি পরিবারকে ঘর দেওয়া হয়েছে।
পরে পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত সীমান্ত ইউনিয়ন খারনৈ-এর গজারমারি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গ্রামীণ ভাঙা সড়ক প্রদক্ষিণ করেন ডেপুটি স্পিকার। এ সময় তিনি সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করে অতিদ্রুত এসব ক্ষতিগ্রস্ত অবকাঠামো নির্মাণের আশ্বাস দেন।
তিনি বলেন, সারা দেশে খাল খনন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। পাশাপাশি ভরাট ও দখল হয়ে যাওয়া নদী-খাল পুনঃখনন এবং নদী দখলমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। খাল-নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে পারলে ভবিষ্যতে বন্যার ক্ষয়ক্ষতি অনেকাংশে কমবে। পাশাপাশি কৃষকেরাও উপকৃত হবেন।