বিশ্বকাপ খেলা দেখতে নিষেধ করায় স্ত্রীকে পিটুনি, ভিডিও ভাইরাল

বিশ্বকাপ খেলা দেখতে নিষেধ করায় স্ত্রীকে পিটুনি, ভিডিও ভাইরাল

প্রতিকি ছবি

বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে নিষেধ করায় স্ত্রীকে বেদম মারধরের অভিযোগ উঠেছে জহিরুল ইসলাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। পরে অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ।

 

ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ব্রহ্মপাড়া ওয়াপদা টেক এলাকায়। রবিবার (১৯ জুলাই) রাতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ দেখতে বাইরে যেতে চেয়েছিলেন জহিরুল ইসলাম। এ সময় ঘরে ৫ মাস বয়সী সন্তান থাকায় স্ত্রী মরিয়ম বেগম তাকে যেতে নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে জহিরুল তাকে লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করেন বলে অভিযোগ করেন মরিয়ম।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রায় দুই মিনিটের ভিডিওতে দেখা যায়, মারধরের পর মরিয়ম কান্নাকাটি করে স্বামীর কাছে আকুতি জানাচ্ছেন। এ সময় তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা যায়।

স্থানীয়রা জানান, প্রায় দুই বছর আগে জহিরুলের সঙ্গে মরিয়মের বিয়ে হয়। বিয়ের পর তারা রামগঞ্জ উপজেলার ব্রহ্মপাড়া এলাকায় বসবাস করে আসছেন। তাদের সংসারে পাঁচ মাস বয়সী একটি সন্তান রয়েছে। স্থানীয়দের অভিযোগ, জহিরুল প্রায়ই স্ত্রীকে নির্যাতন করতেন।

মরিয়মের অভিযোগ, জহিরুল মাদক সেবন করেন এবং মাদকাসক্ত অবস্থায় তাকে মারধর করেছেন। এ ঘটনায় তার হাত-পা ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।

ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। অনেকেই অভিযুক্তের শাস্তির দাবি জানান।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও পুলিশের নজরে আসার পর অভিযুক্ত জহিরুল ইসলামকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।