খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ৪১ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত

খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ৪১ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত

সংগৃহীত ছবি

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার নাকাই খাল পুনঃখনন প্রকল্পের কাজ শেষ করে অব্যয়িত ৪১ লাখ ৯০ হাজার ৮২৮ টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়েছে উপজেলা প্রশাসন। সঠিক পরিকল্পনা ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়ে বরাদ্দকৃত অর্থের চেয়ে কম ব্যয়ে প্রকল্পের কাজ সম্পন্ন হওয়ায় এই অর্থ ফেরত দেওয়া হয়েছে।

 

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বুলবুল।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার হরিনাথপুর ইউনিয়নের নাকাই খাল পুনঃখননের জন্য সরকার মোট ২ কোটি ৬ লাখ ৩ হাজার ৮০ টাকা বরাদ্দ দেয়। এর মধ্যে প্রকল্প বাস্তবায়নে ব্যয় হয়েছে ১ কোটি ৬৪ লাখ ১২ হাজার ২৫২ টাকা। অবশিষ্ট ৪১ লাখ ৯০ হাজার ৮২৮ টাকা সরকারি বিধি অনুযায়ী কোষাগারে জমা দেওয়া হয়েছে।

প্রকল্পের আওতায় ৪ দশমিক ৯২০ কিলোমিটার খাল পুনঃখনন করা হয়েছে। এর মাধ্যমে খালের পানি প্রবাহ স্বাভাবিক করা, পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, কৃষিজমির উৎপাদনশীলতা বৃদ্ধি এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়। এছাড়া খালের দুই পাড়ে নারিকেল, আম, জাম ও নিমসহ ১ হাজার ৪৪০টি গাছ রোপণ করা হয়েছে।

চলতি বছরের ১২ মে প্রকল্পের কাজ শুরু হয়। প্রায় তিন মাসব্যাপী খননকাজ শেষে শ্রমিকদের মজুরি, যন্ত্রপাতি ব্যবহার, পরিবহন ও আনুষঙ্গিক ব্যয়সহ সব বিল পরিশোধের পরও উল্লেখযোগ্য পরিমাণ অর্থ অব্যয়িত থাকে।

প্রকল্পের কাজ পরিদর্শন করে এর অগ্রগতি ও মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

ইউএনও আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘সরকারি অর্থ জনগণের আমানত। প্রয়োজনীয় কাজ সম্পন্ন করার পর অবশিষ্ট অর্থ সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে।