নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙে পোলট্রি খামারিদের প্রতিবাদ
সংগৃহীত ছবি
পোল্ট্রি মুরগি ও ডিম উৎপাদনে খরচ বেশি, কিন্তু বাজারে দাম কম। এমন পরিস্থিতির প্রতিবাদে নরসিংদীর শিবপুরে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন খামারি ও ডিলাররা।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে ইটাখোলা হাইওয়ে সড়কে নরসিংদী জেলা পোলট্রি ব্যবসায়ী অ্যাসোসিয়েশন এ কর্মসূচির আয়োজন করে। পরে সড়কেই ডিম ভেঙে প্রতীকী প্রতিবাদ জানান তারা।
খামারিরা বলেন, পোলট্রি খাদ্য, একদিনের বাচ্চা ও ঔষধের দাম বৃদ্ধি পেলেও উৎপাদিত ডিম ও মুরগির ন্যায্যমূল্য মিলছে না। এতে উৎপাদন ব্যয় ও বিক্রয়মূল্যের মধ্যে বড় ধরনের বৈষম্য সৃষ্টি হয়েছে। প্রতিনিয়ত লোকসান গুনতে গুনতে অনেক ক্ষুদ্র ও মাঝারি খামারিরা খামার বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন। তাদের অভিযোগ, বাজারে মধ্যস্বত্বভোগী, সিন্ডিকেট ও করপোরেট প্রতিষ্ঠানের প্রভাবের কারণে উৎপাদকেরা ন্যায্যমূল্য পাচ্ছেন না।
পোল্ট্রি ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের নেতারা বলেন, ‘পোলট্রি খাত দেশের খাদ্যনিরাপত্তা ও প্রাণিজ আমিষের অন্যতম প্রধান ভিত্তি। খামারিদের স্বার্থ রক্ষায় ও পোলট্রি শিল্পকে টিকিয়ে রাখতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় সারা দেশের খামারিদের নিয়ে আরও বৃহত্তর ও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।’
মানববন্ধনে বক্তব্য দেন নরসিংদী জেলা পোলট্রি ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ওমর ফারুক, সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন (মেজু), সিনিয়র সহসভাপতি মো. ওসমান মিয়া, সহসভাপতি সাইদুর রহমান মোল্লা, সাংগঠনিক সম্পাদক মো. সুমন মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, শিবপুর উপজেলা পোল্ট্রি ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক ইউসুফ মিয়া, ব্যবসায়ী রাসেল মুন্সিসহ অন্যরা।