জুয়া চক্রে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা বরখাস্ত
ছবি: সংগৃহীত
ক্রিপ্টোকারেন্সি ও জুয়া চক্রে জড়িত থাকায় অভিযোগে এক কর্মকর্তাকে বরখাস্ত করেছে বাংলাদেশ ব্যাংক। বরখাস্ত হওয়া কর্মকর্তার নাম রাকিবুল হাসান খান রকি। তিনি সহকারী পরিচালক। গত রোববার এ সংক্রান্ত অফিস আদেশ জারি হয়। তবে গত বুধবার থেকে তিনি অফিসে অনুপস্থিত। মঙ্গলবার (২১ জুলাই) সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।
বাংলাদেশ ব্যাংকের অফিস আদেশে বলা হয়েছে, প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. রকিবুল হাসান খান রকিকে বাংলাদেশ ব্যাংক কর্মচারি বিধিমালার ৪৫(৫) ধারার আওতায় সাময়িক বরখাস্ত করা হলো। বরখাস্তকালীন তিনি বাংলাদেশ ব্যাংক প্রশাসনিক নির্দেশিকা ২১(এ) ধারা অনুযায়ী জীবনধারণ ভাতা (খোরপোশ) পাবেন। এই বরখাস্তের আদেশ অবিলম্বে কার্যকর হবে।
সূত্র জানায় গত বুধবার পুলিশের অপরাধ তদন্ত বিভাগের একটি টিম তাকে গ্রেফতার করতে যায়। ওই টিমের এক সদস্য রাকিকে ফোন করে বাংলাদেশ ব্যাংকে যাওয়ায় তিনি দ্রুত অফিস ত্যাগ করেন। এরপর থেকে তিনি অফিসে অনুপস্থিত। তবে পুলিশ তাকে গ্রেফতার করেছে, নাকি আত্মগোপনে আছেন এ বিষয়ে কেউ নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি।
জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. আরিফ হোসেন খান বলেন, তার অবৈধ কিছু কার্যক্রমের জড়িত থাকার মতো গুরুতর অভিযোগ পাওয়া গেছে। নিয়ম অনুযায়ী, কোনো কর্মচারীর বিরুদ্ধে পুলিশ মামলা দায়ের করলে তদন্তাধীন অবস্থায় সেই ব্যক্তিকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।