ট্রাকচাপায় দুমড়ে-মুচড়ে গেল অটোরিকশা, নিহত ৩
সংগৃহীত
ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে ট্রাকচাপায় দুমড়ে-মুচড়ে গেছে একটি ব্যাটারিচালিত অটোরিকশা। এতে দুই নারীসহ তিন যাত্রী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও একজন। স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনার সময় ট্রাকটি চালাচ্ছিলেন চালকের সহকারী (হেলপার)। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে নগরীর শম্ভুগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ময়মনসিংহের তারাকান্দা উপজেলার দাদরা গ্রামের শিলা আক্তার, সদর উপজেলার রঘুরামপুর গ্রামের আবেদা খাতুন এবং নগরীর জুবলি ঘাটের দেবরাজ ঘোষ।
আহত নারীর নাম তানিয়া সুলতানা। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, দুপুর ১২টার দিকে মহাসড়কের শম্ভুগঞ্জ এলাকার পুষ্টিরাজ ফিডের ডিপোতে মালামাল নামিয়ে ট্রাকটি মহাসড়কে উঠতে যায়। এ সময় শম্ভুগঞ্জ থেকে কলতাপাড়াগামী অটোরিকশাটিকে চাপা দেয় ট্রাকটি। এতে অটোরিকশা দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন।
স্থানীয়দের দাবি, ওই সময় ট্রাকের চালক ছিলেন না। হেলপার (চালকের সহকারী) চালাচ্ছিলেন বলে শুনেছেন তারা।
দুর্ঘটনায় অটোরিকশাটি একেবারে ট্রাকের নিচে চলে যায় বলে জানান কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম। তিনি বলেন, ঘটনাস্থলেই ওই পুরুষের মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পর দুই নারীর মৃত্যু হয়েছে। ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবার যেভাবে চায়, সেভাবে আইনগত ব্যবস্থা নেয়া হবে।