চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ছবি: ফাইল ফটো

চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় আব্দুল্লাহ (১৫) নামে এক মোটরসাইকেল আরোহী কিশোর নিহত হয়েছেন। বুধবার (২২ জুলাই) দুপুর ১টার দিকে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের সদর উপজেলার আলুকদিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ সদর উপজেলার তালতলা গ্রামের শাহবুদ্দিন বিশ্বাসের ছেলে। তিনি আলুকদিয়া বাজারের একটি মোটরসাইকেল মেরামতের দোকানে কাজ করতেন।

স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মোটরসাইকেলের ত্রুটি শনাক্ত করতে পরীক্ষামূলকভাবে সেটি চালাচ্ছিলেন আব্দুল্লাহ। এ সময় আলুকদিয়া বাজারের তেল পাম্পের অদূরে পৌঁছালে চুয়াডাঙ্গামুখী একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও পরিবারের সদস্যরা মরদেহ উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে যান।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি মিজানুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে স্বজনরা মরদেহ নিজ বাড়িতে নিয়ে গেছেন। এ ঘটনায় কোনো অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।