লিবিয়ায় জিম্মি করে মুক্তিপণ আদায়, ১৬ মামলার আসামি জুলহাস গ্রেফতার

লিবিয়ায় জিম্মি করে মুক্তিপণ আদায়, ১৬ মামলার আসামি জুলহাস গ্রেফতার

প্রতিকি ছবি

ইতালি পাঠানোর প্রলোভন দেখিয়ে লিবিয়ায় নিয়ে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগে মানবপাচার চক্রের মো. জুলহাস সরদারকে (৫০) গ্রেফতার করেছে র‍্যাব ও পুলিশ। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মানবপাচার-সংক্রান্ত ১৬টি মামলা রয়েছে।

বুধবার দুপুরে তাকে আদালতে হাজির করে ১০ দিনের পুলিশ রিমান্ড আবেদন করা হয়েছে। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাজৈর থানায় দায়ের হওয়া মানবপাচার মামলায় জুলহাসকে মঙ্গলবার (২২ জুলাই) রাত ১০টা ৩৫ মিনিটে ঢাকার যাত্রাবাড়ী বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় র‍্যাব-৮-এর সিপিসি-১ ও রাজৈর থানা পুলিশের যৌথ অভিযানে র‍্যাব-১০ তাকে গ্রেফতার করে।

ফারিহা রফিক ভাবনা বলেন, জুলহাস সরদারের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ১৬টি মানবপাচার মামলা রয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনি একটি সংঘবদ্ধ মানবপাচারকারী চক্রের সক্রিয় সদস্য। চক্রটি মাদারীপুরের রাজৈরসহ দেশের বিভিন্ন এলাকা থেকে ১৫ থেকে ২০ জন মানুষকে ইতালিতে পাঠানোর প্রলোভন দেখিয়ে লিবিয়ায় নিয়ে যায়। সেখানে তাদের আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়। নির্যাতনের ভিডিও ধারণ করে ভুক্তভোগীদের পরিবারের কাছে পাঠিয়ে প্রতিটি পরিবারের কাছ থেকে ২০ থেকে ২৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে।

তিনি আরও বলেন, বুধবার দুপুরে গ্রেফতার আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। রিমান্ড মঞ্জুর হলে জিজ্ঞাসাবাদের মাধ্যমে মানবপাচারকারী চক্রের অন্যান্য সদস্য, অর্থ লেনদেন এবং বিদেশে থাকা সহযোগীদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে।

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, মানবপাচার চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এ ধরনের সংঘবদ্ধ অপরাধের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না