টানা বৃষ্টিতে মরিচক্ষেত নষ্ট, কেজিপ্রতি ২৫০ টাকা

টানা বৃষ্টিতে মরিচক্ষেত নষ্ট, কেজিপ্রতি ২৫০ টাকা

সংগৃহীত ছবি

কয়েক দিনের টানা বৃষ্টিতে সপ্তাহের ব্যবধানে দিনাজপুরে বিভিন্ন হাটবাজারে কাঁচা মরিচের দাম কেজিতে ১৩০ টাকা বেড়েছে। এক সপ্তাহ আগেও প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হয়েছিল ১০০ থেকে ১২০ টাকায়।

বর্তমানে তা বেড়ে বিক্রি হচ্ছে ২৫০ টাকা কেজি দরে। 

দিনাজপুরের সবচেয়ে বড় কাঁচাবাজার বাহাদুর বাজারসহ জেলা-উপজেলার ব্যবসায়ীরা বলছেন, এক সপ্তাহ ধরে দিনাজপুরসহ আশপাশের জেলাগুলোতে টানা বৃষ্টিতে মরিচক্ষেত নষ্ট হয়ে যাওয়ার কারণে বাজারে আমদানি কমে গেছে। সে কারণে মরিচের দাম বৃদ্ধি পেয়েছে। গতকাল বুধবার সকালে দিনাজপুর শহরের বাহাদুর বাজার, সুইহারী বাজার, রামনগর বাজার, উপশহর বাজার, পুলহাট বাজার ঘুরে এসব তথ্য জানা গেছে।

জানা গেছে, ভারত থেকে কাঁচা মরিচ আমদানির জন্য এলসি খোলা হলেও দেশে মরিচ এসে পৌঁছবে আগামী শনিবার। আবার আমদানি হলেও এর প্রভাব দিনাজপুরে মরিচের দামের ওপর প্রভাব পড়ছে না। কারণ আমদানি হওয়া কাঁচা মরিচ দিনাজপুরের বাজারে পাওয়া যায় না। সব চলে যায় ঢাকাসহ দেশের বিভিন্ন আড়তে।

চাহিদার তুলনায় কাঁচা মরিচ আমদানি কম হওয়ায় এবং বৃষ্টির কারণে দেশে উত্পাদন কমে যাওয়ায় দাম বৃদ্ধি পেয়েছে।

গত সোমবার সকালে বাহাদুর বাজারে বাজার করতে আসা আতাউর রহমান বলেন, সবজির দাম ঊর্ধ্বমুখী। কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২৫০ টাকা কেজি দরে।

দিনাজপুর কৃষি বিপণন সিনিয়র কর্মকর্তা রবিউল হাসান বলেন, টানা বৃষ্টির কারণে মরিচ চাষিদের ক্ষেত নষ্ট হওয়ায় ফলন কম হচ্ছে। ফলে মরিচের দাম দিন দিন বাড়ছে।