ইবিতে শিক্ষক নিয়োগ ঘিরে তদন্ত কমিটি গঠন
ফাইল ছবি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের প্রভাষক পদে আবেদনকারী এক প্রার্থীর পূর্ববর্তী একাডেমিক ফলাফল ও তথ্য যাচাইয়ে তিন সদস্যের ‘ফ্যাক্টস ফাইন্ডিং’ কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটিকে আগামী দুই সপ্তাহের মধ্যে উপাচার্যের কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. মনজুরুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, গত ২০ মে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় আইসিটি বিভাগের প্রভাষক পদে আবেদন করেন ফিরোজা নাজনিন। তার বিএসসি প্রথম বর্ষ থেকে শেষ বর্ষ এবং এমএসসি পরীক্ষার ফলাফলসহ একাডেমিক তথ্য পুনর্নিরীক্ষার উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক রোকসানা মিলিকে। একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার শহিদুল ইসলাম সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিটির অপর সদস্য থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক সেকান্দার আলী।
প্রসঙ্গত, সম্প্রতি ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগের প্রভাষক নিয়োগকে কেন্দ্র করে নানা বিতর্ক সৃষ্টি হয়। নিয়োগ বোর্ডের আগের দিন এক্সপার্টের সঙ্গে এক প্রার্থীর স্বামীর সাক্ষাৎ, একাডেমিক ফলাফল বাড়িয়ে দেখানোর অভিযোগ, সাংবাদিককে বিকাশে টাকা পাঠিয়ে ম্যানেজ করার চেষ্টা এবং বিভাগের সভাপতির তথ্য দিতে গড়িমসির বিষয়টি গণমাধ্যমে উঠে আসে। এসব অভিযোগের প্রেক্ষিতেই তথ্য অনুসন্ধানের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ‘ফ্যাক্টস ফাইন্ডিং’ কমিটি গঠন করেছে।