যশোরে ৮ মামলার আসামিকে কুপিয়ে হত্যা, গ্রেফতার ১
ছবিঃ সংগৃহীত।
যশোরে ৮ মামলার আসামি শরিফুল ইসলাম জিতুকে (৩৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২২ জুলাই) রাত ১১টার দিকে শহরের বারান্দীপাড়ার ফুলতলা মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত শরিফুল ইসলাম জিতু যশোর শহরের বারান্দীপাড়া মোল্লাপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে। এ ঘটনায় একই এলাকার সুমন মিয়া নামে একজনকে আটক করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার রাত ১১টার দিকে শহরের বারান্দীপাড়ার ফুলতলা মোড়ে দুর্বৃত্তরা জিতুকে কুপিয়ে ফেলে রেখে যায়। স্থানীয়রা ৯৯৯ ফোন দিলে খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে জিতুকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানোর জন্য বলা হয়। ঢাকায় নেয়ার পথে নড়াইলে পৌঁছালে তার মৃত্যু হয়।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার কাজী মাসুম রেজা বলেন, ‘রাত ১২টার দিকে জিতুকে হাসপাতালে নিয়ে আসে পুলিশ। তার অবস্থার অবনতি হলে এ সময়ে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়। ঢাকায় নিয়ে যাওয়ার পথে নড়াইলে তার মৃত্যু হয়। পরে রাত তিনটার দিকে মৃত দেহটি হাসপাতালে নিয়ে আসার পর মর্গে রাখা হয়েছে।’
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম (ক্রাইম এন্ড অপারেশন) বলেন, ‘নিহত জিতু যশোরের একজন চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে থানায় ৮টি মামলা রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।’
হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ধরতে পুলিশের কয়েকটি টিম কাজ করছে। এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আটক সুমনের স্ত্রীকে ধর্ষণচেষ্টার সময় জিতুকে কুপিয়ে জখম করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।’