‘নয়া মানুষ’ এবার নিউ ইয়র্কে

‘নয়া মানুষ’ এবার নিউ ইয়র্কে

ফাইল ছবি

আগামী ৩০ শে জুলাই থেকে নিউ ইয়র্কে শুরু হতে যাচ্ছে নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালের প্রথম আসর। এই আসরে বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতাদের নির্মিত চলচ্চিত্রের প্রদর্শনী এবং কলাকুশলীদের পুরস্কার প্রদান করা হবে। 

উৎসবের উদ্ভোধনী দিনে, ৩০ শে জুলাই বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭ টায় নিউ ইয়র্কের আরটিভি থিয়েটারে প্রদর্শিত হবে সোহেল রানা বয়াতি নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নয়া মানুষ’। 

আ. মা. ম. হাসানুজ্জামানের ‘বেদনার বালুচরে’ উপন্যাস অবলম্বনে মাসুম রেজার সংলাপ ও চিত্রনাট্যে চলচ্চিত্রটি নির্মিত হয়েছে। অভিনয় করেছেন আ. মা. ম. হাসানুজ্জামান, আশিস খন্দকার, ঝুনা চৌধুরী, রওনক হাসান, মৌসুমি হামিদ, শিখা কর্মকার, নিলুফার ওয়াহিদ, বদরুদ্দোজা, মাহিন রহমান, নাজমুল হোসেন, স্মরণ সাহা, সানজানা মেহরান ও শিশুশিল্পী ঊষশী। 

উৎসবে অংশগ্রহণ নিয়ে নির্মাতা সোহেল রানা বয়াতি বলেন, ‘‘নয়া মানুষ’ বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে ইতিপূর্বে অংশগ্রহণ করেছে কিন্তু এই উৎসবটি আমার কাছে বেশ গুরুত্বপূর্ণ কারণ উৎসবটিতে শুধুমাত্র বাংলাদেশের নির্মাতাদের চলচ্চিত্র  প্রদর্শিত এবং পুরস্কৃত করা হবে। ফলে দেশীয় চলচ্চিত্রের প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’’

সুপার সাইক্লোন সিত্রাং চলাকালীন চাঁদপুরের দুর্গম কানুদীর চরে কমল চন্দ্র দাস-এর চিত্রগ্রহণে নির্মিত ‘নয়া মানুষ’ চলচ্চিত্রে গান করেছেন বাউল শফি মণ্ডল, চন্দনা মজুমদার, বেলাল খান, অনিমেষ রয়, মাসা ইসলাম ও খাইরুল ওয়াসী। সংগীত পরিচালনা করেছেন ইমন চৌধুরী, মুশফিক লিটু ও শোভন রায়।

৩দিন ব্যাপী এই প্রদর্শনীতে প্রথম দিন ৩০ জুলাই প্রদর্শিত হবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বিলাই’, তথ‍্যচিত্র ‘কনসার্ট ফর বাংলাদেশ’ ও পূর্ণদৈর্ঘ‍্য চলচ্চিত্র ‘নয়া মানুষ’। দ্বিতীয় দিন ৩১ জুলাই প্রদর্শিত হবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ইশপাইট’ ও ‘The Eternal Journey’ এবং পূর্ণদৈর্ঘ‍্য চলচ্চিত্র ‘দেয়ালের দেশ’। 

তৃতীয় দিন ১ আগস্ট প্রদর্শিত হবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আমেরিকান ড্রিম’ ও ‘ঈদ মোবারক’ এবং পূর্ণদৈর্ঘ‍্য চলচ্চিত্র ‘মানুষের বাগান’। ২ আগস্ট অনুষ্ঠিত হবে মূল আয়োজন। এতে অংশগ্রহণ করতে ইতোমধ্যে বাংলাদেশ থেকে উল্লেখযোগ্য সংখ্যক চলচ্চিত্র তারকারা নিউ ইয়র্কে পাড়ি জমিয়েছেন।