শাহজালাল বিমানবন্দরে ১২ কেজি গাঁজাসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

শাহজালাল বিমানবন্দরে ১২ কেজি গাঁজাসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

সংগৃহীত ছবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাইল্যান্ড থেকে আনা প্রায় ১২ কেজি (১১ কেজি ৮০০ গ্রাম) উন্নত জাতের গাঁজাসহ মো. জুলফিকার মোল্লা (৩৩) নামে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে বিমানবন্দরের আগমনী হলের গ্রিন চ্যানেলে কাস্টমস তল্লাশির সময় তাকে আটক করা হয়।

ডিএনসির হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সার্কেলের সহকারী পরিচালক ড. মো. আবু সাঈদ মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের বিমানবন্দর সার্কেলের পরিদর্শক শাহরিয়া শারমিনের নেতৃত্বে একটি বিশেষ দল দুপুর দেড়টা থেকে গ্রিন চ্যানেলে অবস্থান নেয়। এ সময় ব্যাংকক থেকে থাই এয়ারওয়েজের টিজি-৩২১ ফ্লাইটে আসা ভারতীয় নাগরিক জুলফিকার মোল্লাকে সন্দেহজনক আচরণের কারণে আটক করা হয়।

পরে বিমানবন্দর কর্তৃপক্ষ ও উপস্থিত সাক্ষীদের সামনে তার ট্রলি ব্যাগ তল্লাশি করে কাপড়ের নিচে সুকৌশলে লুকিয়ে রাখা ২১টি পলিথিন প্যাকেট থেকে মোট ১১ কেজি ৮০০ গ্রাম উন্নত জাতের গাঁজা উদ্ধার করা হয়।

এ সময় তার কাছ থেকে একটি ভারতীয় পাসপোর্ট, একটি বোর্ডিং পাস এবং জিও ইন্ডিয়ার সিম ব্যবহার করা একটি ওপ্পো ব্র্যান্ডের স্মার্টফোন জব্দ করা হয়েছে।

ড. আবু সাঈদ মিয়া জানান, গ্রেপ্তার জুলফিকার ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার রাজারহাট থানার বাসিন্দা। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জুলফিকার জানিয়েছেন, বাংলাদেশে দুই থেকে তিন দিন অবস্থান শেষে তার ভারতে ফিরে যাওয়ার পরিকল্পনা ছিল।