ফুলবাড়ীতে ট্রাকচালক-ব্যবসায়ী বিরোধে তিন ঘণ্টা সড়ক অবরোধ

ফুলবাড়ীতে ট্রাকচালক-ব্যবসায়ী বিরোধে তিন ঘণ্টা সড়ক অবরোধ

সংগৃহীত ছবি

 

ট্রাকচালক ও এক ব্যবসায়ীর ছেলের মধ্যে হাতাহাতির জেরে দিনাজপুরের ফুলবাড়ীতে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়ক প্রায় তিন ঘণ্টা অবরোধের ঘটনা ঘটেছে।

শনিবার দুপুর ১টার দিকে ফুলবাড়ী পৌর এলাকার ঢাকা মোড়ে ট্রাক আড়াআড়িভাবে রেখে এই অবরোধ শুরু করেন ট্রাক শ্রমিকেরা। 

এতে মহাসড়কের দুইপাশে শত শত যানবাহন আটকা পড়ে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে বিএনপির নেতাদের মধ্যস্থতায় উভয় পক্ষের সমঝোতা হলে শ্রমিকেরা অবরোধ প্রত্যাহার করেন। বিকাল ৪টার দিকে অবরোধ তুলে নেওয়ার পর মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে একটি ট্রাকে করে গো-খাদ্য ও মুরগির খাদ্য নিয়ে ফুলবাড়ী পৌর বাজারের চেন্টু-মেন্টু স্টোরে আসেন ট্রাকচালক আল আমিন। এ সময় গুদামের অবস্থান দেখিয়ে দেওয়া নিয়ে আল আমিনের সঙ্গে ওই ব্যবসায়ীর ছেলের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এ ঘটনার প্রতিবাদে শনিবার দুপুরে ট্রাক শ্রমিকেরা পৌর শহরের ঢাকা মোড়ে সড়ক অবরোধ করেন। 

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ খুরশিদ আলম মতির নির্দেশে পৌর বিএনপির সভাপতি আবুল বাশারসহ অন্যরা মিলে উভয় পক্ষের সঙ্গে আলোচনা করলে ট্রাক শ্রমিকেরা অবরোধ প্রত্যাহার করেন।

ট্রাক শ্রমিক ইউনিয়ন ফুলবাড়ী শাখার সভাপতি মানিক মণ্ডল বলেন, দুপক্ষের সাথে কথা বলে মধ্যস্থতায় হলে তিন ঘণ্টা পর সড়ক অবরোধ প্রত্যাহার করেছেন শ্রমিকেরা।

উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ খুরশিদ আলম মতি বলেন, ঘটনার রাতেই বিষয়টি মীমাংসার জন্য থানায় ফোনে জানিয়েছিলাম। কিন্তু যথাযথ উদ্যোগ নেওয়া হয়নি। আপস না হলে থানায় মামলা নিয়ে আইন অনুযায়ী বিচার হতো। কিন্তু মামলা না করে সড়ক অবরোধের মাধ্যমে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলা বেআইনি।

এ বিষয়ে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আব্দুল লতিফ বলেন, বিষয়টি আপস করার প্রতিশ্রুতিতে আলোচনা হয়েছিল। পরে আপস না হওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়। পরে দুপক্ষের মধ্যস্থতায় যান চলাচল স্বাভাবিক হয়েছে।