লাকসামে শিশু যৌন হয়রানির সঙ্গে জড়িতকে গ্রেফতারের দাবি
সংগৃহীত ছবি
কুমিল্লার লাকসামে তিন শিশুকে যৌন হয়রানির অভিযোগের মামলার পলাতক আসামি মকবুল হোসেনকে(৪০) গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। শনিবার (২৫ জুলাই) বিকালে উপজেলার ছোট চাঁদপুর গ্রামে আয়োজিত মানববন্ধনে নারী-পুরুষসহ বিভিন্ন বয়সের মানুষ অংশ নেন।
এ সময় বক্তারা বলেন, শিশুদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তারা অভিযুক্তকে গ্রেফতার, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযোগ প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে ভুক্তভোগী পরিবারকে নিরাপত্তা প্রদান এবং শিশুদের সুরক্ষায় প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
গত ১৬ জুলাই সকালে ছোট চাঁদপুর গ্রামের একটি বসতঘরে তিন শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে মকবুল হোসেনের বিরুদ্ধে মামলা করে ভুক্তভোগী পরিবার। মামলার বাদী ও ভুক্তভোগী এক শিশুর পিতা কাউসার অভিযোগ করেন, মেয়ের এত বড় ক্ষতি করার পর উল্টো আমার বিরুদ্ধে চুরির মিথ্যা অভিযোগ এনে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে। বিভিন্ন লোক দিয়ে আমাকে হয়রানি করা হচ্ছে। ঘর থেকে বের হলে মুখ বাঁধা কিছু লোক আমাকে অনুসরণ করে। আমি এখন নিজের জীবনের নিরাপত্তা নিয়েও শঙ্কিত। গরিব বলে কি আমার মেয়ের যৌন নিপীড়নের বিচার পাব না?
অভিযুক্ত মকবুল হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিও বার্তায় তিনি অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, এটি তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলা। তার ভাষ্য, তালাকের ঘটনাকে কেন্দ্র করে তার সাবেক স্ত্রী ও স্থানীয় কয়েকজন ব্যক্তি তাকে ফাঁসানোর চেষ্টা করছেন।
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কাজী কামরুন্নাহার লাইলী বলেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এ ধরনের অপরাধের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। পলাতক আসামিকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।