দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখার আহ্বান পরিবেশমন্ত্রীর

দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখার আহ্বান পরিবেশমন্ত্রীর

সংগৃহীত

ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (FCCI)-এর নবনির্বাচিত পরিষদ ২০২৬-২০২৮ মেয়াদের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এই আহ্বান জানান।

মন্ত্রী বলেন, নতুন কর্মসংস্থান সৃষ্টিসহ দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতিতে ব্যবসায়ীদের অবদান অনস্বীকার্য। তিনি আরো বলেন, অনেকে ঢালাওভাবে ব্যবসায়ীদের সমালোচনা করেন। কিন্তু এটা মোটেও গ্রহণযোগ্য নয়। অনেক ব্যবসায়ীই নিয়ম-কানুন মেনে ব্যবসা করেন। দেশের অগ্রগতিতে তিনি তাদের অবদানের প্রশংসা করেন। 

আবদুল আউয়াল মিন্টু বলেন, একটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সম্পদ বৃদ্ধি হয় একমাত্র ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের মাধ্যমে। সম্পদের ভাগ-বাটোয়ারা বা বিলি বণ্টন করা যায়, কিন্তু দারিদ্র্যের এমন বণ্টন করা সম্ভব নয়। এছাড়া তিনি পরিবেশবান্ধব টেকসই উন্নয়ন, আঞ্চলিক ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি ও দেশের সার্বিক অর্থনৈতিক অগ্রগতি নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদিন ও রেহানা আক্তার। অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক মনিরা হক, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক এম এ খালেক, বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি, রাজনৈতিক দলের নেতাকর্মীসহ সংশ্লিষ্ট সংগঠনের সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।