ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী

ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী

প্রহ্লাদ যোশী

দেশব্যাপী শিক্ষার্থী আন্দোলনের মুখে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর ভারতের নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রহ্লাদ যোশী।

শনিবার (২৫ জুলাই) ভারতের রাষ্ট্রপতির দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরামর্শে রাষ্ট্রপতি প্রহ্লাদ যোশীকে তার বর্তমান দায়িত্বের পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব দিয়েছেন।

বর্তমানে প্রহ্লাদ যোশী ভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবিতরণ এবং নতুন ও নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন।

একই বিবৃতিতে আরও বলা হয়, ভারতের সংবিধানের ৭৫(২) অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরামর্শে রাষ্ট্রপতি ধর্মেন্দ্র প্রধানের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগপত্র তাৎক্ষণিকভাবে গ্রহণ করেছেন।

এর আগে ৫৭ বছর বয়সী ধর্মেন্দ্র প্রধান শিক্ষার্থীদের উদ্দেশ করে লেখা একটি চিঠি এক্সে পোস্ট করেন। সেখানে তিনি লিখেন, ‘যন্তর মন্তর এবং সারা দেশে সৃষ্ট পরিস্থিতিকে যেন কোনো রাষ্ট্রবিরোধী শক্তি কাজে লাগাতে না পারে, জাতীয় ঐক্য যেন অটুট থাকে, কোনো শিক্ষার্থীর ভবিষ্যৎ যেন আইনি জটিলতায় আটকে না যায় এবং আমাদের সন্তানেরা যেন পড়াশোনা ও ক্যারিয়ার গড়ার কাজে তাদের সময় ব্যয় করতে পারে—এসব বিষয় বিবেচনা করে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার পদত্যাগপত্র জমা দিয়েছি।’